শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

ডেঙ্গুতে মৃত্যু আরও ৭ জনের

স্বাস্থ্য ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৬, ০৫:০৯ পিএম

ডেঙ্গুতে মৃত্যু আরও ৭ জনের

সারাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন রোগী।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছর এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২ জনে।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অক্টোবর মাসের প্রথম ১৬ দিনেই ৯৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে চলতি বছরের সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগী মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৮৭২ জন নতুন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। এর মাধ্যমে চলতি বছর হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৩১২ জনে।

অন্যদিকে একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে এক হাজার ৯৯১ জন রোগী হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ চার হাজার ৪৯১ জন রোগী।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এই বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৫ জন রোগী।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, খুলনা বিভাগে ২৩৩ জন, বরিশাল বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন এবং রংপুর বিভাগে ৫৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।