অক্টোবর ১৭, ২০২৬, ০৩:৩৬ পিএম
ফুটবল মাঠে রেফারির পকেট থেকে কাগজের হলুদ কিংবা লাল কার্ড বের করার চিরাচরিত দৃশ্য বদলে যেতে শুরু করেছে। প্রথাগত কাগজের কার্ডের পরিবর্তে উরুগুয়ের ঘরোয়া ফুটবলে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক বা ভার্চুয়াল কার্ডের ব্যবহার শুরু হয়েছে।
বৃহস্পতিবার উরুগুয়ে কাপের শেষ ষোলো পর্বের ম্যাচে এই প্রযুক্তির প্রথম প্রয়োগ দেখা যায়।
ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল নাসিওনাল ও রেন্তিস্তাস। তিন-শূন্য গোলে নাসিওনালের জয়ের সেই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন এদুয়ার্দো ভারেলা। খেলার দ্বাদশ মিনিটে রেন্তিস্তাসের ফুটবলার হুয়ান পাবলো ব্লাদাকে ফাউলের কারণে হলুদ কার্ড দেখান তিনি। তবে রেফারি তার পকেট থেকে কোনো কাগজের কার্ড বের করেননি, বরং তুলে ধরেন একটি আধুনিক ইলেকট্রনিক ডিভাইস।
হাতেনাতে শাস্তি প্রদর্শনের এই ডিভাইসটি দেখতে অনেকটাই সাধারণ মোবাইল ফোন বা ছোট ইলেকট্রনিক ট্যাবলেটের মতো।
ডিভাইসের নির্দিষ্ট বোতামে চাপ দিলেই স্ক্রিনে হলুদ অথবা লাল রং ভেসে ওঠে। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো শাস্তির সার্বিক তথ্য তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ডাটাবেসে সংরক্ষিত হয়ে যাওয়া। মাঠে কোনো খেলোয়াড়কে কার্ড দেখানোর সঙ্গে সঙ্গেই সেই তথ্য সরাসরি ইলেকট্রনিক নেটওয়ার্কে চলে যায়। এর ফলে ম্যাচ শেষ হওয়ার পর রেফারিকে আলাদা করে ডায়েরি দেখে কম্পিউটারে তথ্য তোলার বাড়তি ঝামেলা পোহাতে হয় না।
উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এই উদ্ভাবনী প্রকল্পটি চালু করেছে। ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা তাৎক্ষণিকভাবে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করাই তাদের মূল উদ্দেশ্য।
পরবর্তী ধাপে খেলোয়াড় পরিবর্তন ও পেনাল্টির মতো যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এই ডিভাইসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংগ্রহ করে সংবাদমাধ্যমে পাঠানোর পরিকল্পনাও রয়েছে। এই আধুনিক ডিভাইসটি পরিচালনার জন্য কোনো ওয়াই-ফাই সংযোগের প্রয়োজন পড়ে না।
প্রথম পরীক্ষার দিনই এই উদ্ভাবনে বেশ কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা চোখে পড়েছে। স্টেডিয়ামের গ্যালারির দূরবর্তী অংশ থেকে ডিভাইসের স্ক্রিনে ফুটে ওঠা কার্ডের রং স্পষ্টভাবে দেখা যায়নি। ফলে মাঠে থাকা দর্শকদের একটি অংশ রেফারি কোন রঙের কার্ড প্রদর্শন করলেন তা তাৎক্ষণিকভাবে বুঝে উঠতে পারেননি। ফুটবল ম্যাচ পরিচালনায় ডিভাইসটি স্থায়ী করতে হলে এর দৃশ্যমানতা ও প্রদর্শন ব্যবস্থায় আরও আধুনিকীকরণ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন