শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,
ঝুঁকিপূর্ণ রিসোর্ট

টুপটুপ রিসোর্টে আগুন: লাইসেন্স ছাড়াই চলছিল কাঠের তৈরি এই প্রতিষ্ঠান

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৬, ০২:৪৮ পিএম

টুপটুপ রিসোর্টে আগুন: লাইসেন্স ছাড়াই চলছিল কাঠের তৈরি এই প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে অবস্থিত পাটোয়ারটেক সৈকতের কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির ফায়ার সার্ভিসের কোনো বৈধ লাইসেন্স ছিল না বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

শনিবার দুপুরে ঢাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

তিনি জানান, গত জুন মাসে রিসোর্টটি সরেজমিনে পরিদর্শন করে অগ্নিনিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সে সময় কর্তৃপক্ষকে সতর্ক করে লিখিত নোটিশও দেওয়া হয়। সেই সতর্কবার্তা উপেক্ষা করেই কাঠের তৈরি এই বহুতল স্থাপনায় বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছিল।

সতর্ক করার পরও এটি চালু ছিল।

কাঠের তৈরি তিনতলা এই রিসোর্টটির নিচতলায় ছিল একটি রেস্তোরাঁ, যেখানে রান্নার কাজ চলত। ওপরের দোতলা ও তিনতলায় পর্যটকদের জন্য থাকার কক্ষের ব্যবস্থা ছিল। কিন্তু অগ্নিনিরাপত্তার কোনো সনদ বা ফায়ার লাইসেন্স প্রতিষ্ঠানটির ছিল না।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে আগুনের খবর পৌঁছায় ফায়ার স্টেশনে। দুর্ঘটনাস্থল থেকে নিকটবর্তী ফায়ার সার্ভিসের দূরত্ব ছিল প্রায় ২২ কিলোমিটার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হন তারা।

লাইসেন্স নবায়ন না করা এবং সতর্কবার্তা অমান্য করে কার্যক্রম চালু রাখা প্রসঙ্গে মহাপরিচালক বলেন, রিসোর্টটি কোনো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করা হচ্ছিল না। কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকায় কাঠ এবং নানা দাহ্য উপকরণ দিয়ে তৈরি বহু রিসোর্টের ক্ষেত্রেও প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে অবৈধ ও ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে নোটিশের আওতায় আনা হবে। এ ছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে সার্বিক নিরাপত্তামূলক বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সামনে শুষ্ক মৌসুম আসছে বিধায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের সঠিক উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে মহাপরিচালক জানান, কোনো অনুমানের ভিত্তিতে আগুনের কারণ বলা সমীচীন হবে না। তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে।

নোটিশ পাওয়ার পরও বিপজ্জনক প্রতিষ্ঠান চালু থাকা ঠেকাতে এবং দেশের সব পর্যটন এলাকার রিসোর্টগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিসের আইনি ও কাঠামোগত পদক্ষেপ পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।