শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,
টঙ্গীতে অগ্নিকাণ্ড

টঙ্গীতে অগ্নিকাণ্ডে প্রেসক্লাব মার্কেটসহ ১০ দোকান পুড়ে ছাই

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৬, ১২:১৬ পিএম

টঙ্গীতে অগ্নিকাণ্ডে প্রেসক্লাব মার্কেটসহ ১০ দোকান পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে প্রেসক্লাব মার্কেটসহ মোট ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে টঙ্গীর চেরাগআলী এবং আউচপাড়া খাঁ-পাড়া এলাকায় মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে চেরাগআলী প্রেসক্লাব মার্কেটের ৮টি দোকান এবং আউচপাড়ার খাঁ-পাড়া রোডের নতুনবাজারে ২টি সেমিপাকা দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভয়াবহ এই দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চেরাগআলী এলাকার প্রেসক্লাব মার্কেটে প্রথম আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ততক্ষণে ওই মার্কেটের আটটি দোকানে থাকা মুদি ও মনিহারি পণ্য, খাবার সামগ্রী এবং ভাঙ্গারির মালামালসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই রাতে পৌনে দুইটার দিকে দ্বিতীয় অগ্নিকাণ্ডটি ঘটে।

টঙ্গীর আউচপাড়ার খাঁ-পাড়া রোড সংলগ্ন নতুনবাজারে দুই ব্যক্তির মালিকানাধীন দুটি সেমিপাকা দোকানে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে এবং প্রায় পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানিয়েছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী চেরাগআলী প্রেসক্লাব মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা। অন্যদিকে আউচপাড়া নতুনবাজারের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও নিশ্চিত করেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি এবং কোনো স্থানেই কেউ হতাহত হননি।