শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

আজ যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৬, ১০:১৮ এএম

আজ যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রতীকী ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার রাজশাহীর বেশ কিছু এলাকায় পর্যায়ক্রমে সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-দুই-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ার দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সঞ্চালন লাইনের কাছাকাছি বেড়ে ওঠা গাছের ডালপালা ছাঁটাই করার জন্য নির্ধারিত সময়ে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

শনিবার সকাল পৌনে আটটা থেকে সকাল পৌনে দশটা পর্যন্ত মোট দুই ঘণ্টা রাজশাহীর হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল ও রাজপাড়া সুফিয়ানের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এরপর সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পীর সাহেবপাড়া, হড়গ্রাম, মুন্সিপাড়া, পালপাড়া, চার খোটার মোড়, হড়গ্রাম নতুনপাড়া ও গুড়িপাড়া এলাকায়।

তৃতীয় ধাপে বেলা এগারোটা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর কাঁচাবাজার, টিবি হাসপাতাল, রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী জিপিও, কাজিহাটা, সিঅ্যান্ডবির মোড়, সার্কিট হাউজ, কালেক্টর মাঠ, শ্রীরামপুর ও জাজেস কোয়ার্টার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে সংযোগ চালু করা হবে বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ।