অক্টোবর ১৭, ২০২৬, ১০:৪৯ এএম
ভারতে শাসনক্ষমতার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। তবে সেই পরিবর্তন কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার মাধ্যমে নয়, বরং নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে বলে তিনি স্পষ্ট করেছেন।
শুক্রবার দেওয়া এক বক্তব্যে প্রকাশ রাজ এই অবস্থানের পক্ষে বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক পরিস্থিতির তুলনা টেনে আনেন।
তিনি বলেন, আমরা নেপাল নই, আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর, গান্ধী ও ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকারও আছে।
তিনি আরও তুলে ধরেন, ভারতে গণতান্ত্রিক পদ্ধতিতেই বর্তমান সরকারের পতন বা পরিবর্তন নিশ্চিত করা হবে। উত্তর প্রদেশের বিধানসভা থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এই নির্বাচনী লড়াই রাজপথে ও ব্যালটে অব্যাহত রাখার কথা জানান তিনি।
দিল্লিতে পূর্বঘোষিত তিরঙ্গা মার্চের আগে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে পুলিশ কর্তৃক আটক করার পর এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রকাশ রাজ।
উল্লেখ্য, ভারতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সংগঠনটি।
প্রকাশ রাজের অভিযোগ, আন্দোলনকারীদের ন্যায্য দাবি শোনার বদলে কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় প্রশাসন নগ্নভাবে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করছে। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনায় না বসে দমননীতি চালানোয় সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে।
তিনি কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশে বলেন, আপনারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলছেন না, উল্টো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছেন। আর এই অনমনীয় মনোভাবের কারণেই আপনারা আমাদের প্রতিবাদের শেষ সীমায় ঠেলে দিয়েছেন।
গণতান্ত্রিক দেশে প্রশ্ন তোলা এবং ব্যালটের মাধ্যমে সরকার বদল চাওয়া কোনো বিশৃঙ্খলা নয় বলে মন্তব্য করেন এই অধিকারকর্মী। তাঁর মতে, প্রশ্ন তোলা, রাজপথে প্রতিবাদ করা এবং ভোটাধিকার প্রয়োগ করা ভারতীয় প্রতিটি নাগরিকের মৌলিক সাংবিধানিক অধিকার।
তিনি জোর দিয়ে বলেন, আমরা কোনো সশস্ত্র দল নই। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো দেশের সংবিধান। আর আমাদের শক্তি হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার।
দিল্লির তিরঙ্গা পদযাত্রার আগে নেতাকর্মীদের আটকের ঘটনা নিয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থানের সমালোচনা করেন প্রকাশ রাজ। তিনি প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় সরকারের ঘোষিত ঘরে ঘরে তিরঙ্গা স্লোগানের প্রচার চালানো সত্ত্বেও জাতীয় পতাকা হাতে রাস্তায় নামতে চাওয়া সাধারণ তরুণদের কেন রাষ্ট্রীয়ভাবে আটকানো হচ্ছে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি প্রশ্ন রাখেন, আপনাদের সেই ঘরে ঘরে তিরঙ্গা স্লোগানের বাস্তবতা এখন কোথায়, যখন এই দেশের সাধারণ তরুণেরা হাতে জাতীয় পতাকা নিয়ে রাজপথে নামতে গিয়ে বাধার মুখে পড়ছেন।
বিক্ষোভকারীদের ওপর, বিশেষ করে নারী আন্দোলনকারীদের ওপর পুলিশি সহিংসতার অভিযোগ তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে এই দমনপীড়নের বিরুদ্ধে সব বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে সরব হওয়ার আহ্বান জানান এই অভিনেতা।
প্রকাশ রাজ জানান, সাধারণ নাগরিকেরা সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন। তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ কৃষক, সংযুক্ত কিষান মোর্চা এবং বিভিন্ন নাগরিক সমাজের সংগঠন এই গণতান্ত্রিক আন্দোলনের পাশে রয়েছে।
চলমান এই আন্দোলনের আগামী ধাপে রাজপথে আরও বিপুল সংখ্যক মানুষের জমায়েত ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন