অক্টোবর ১৭, ২০২৬, ০৯:৫৩ এএম
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ গভর্নরেটে তীব্র স্থলযুদ্ধ ও বিমান হামলায় তিন শতাধিক হুতি যোদ্ধা হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সরকারি বাহিনীর তাইজ সামরিক কমান্ডের বরাতে জানানো হয়, সাম্প্রতিক এই সামরিক অভিযানে ১৬৮ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও ২১০ জন। সব মিলিয়ে হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৮ জনে।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিদ্রোহীদের অবস্থান ও জমায়েত লক্ষ্য করে অন্তত নয়টি বিমান হামলা চালানো হয়। বিশেষ করে তাইজের আল-মিসরাখ জেলা, আল-শাকাব রণক্ষেত্র এবং শহরটির আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে এসব অভিযান পরিচালিত হয়।
এদিকে সংঘাত ছড়িয়ে পড়েছে দেশটির উত্তরাঞ্চলীয় সা`দা গভর্নরেটেও। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, তারা সেখানে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করেছে।
এর আগে হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন জানায়, সা`দা শহরের পূর্বাঞ্চলে সৌদি বাহিনী দুটি বিমান হামলা চালিয়েছে।
তবে যুদ্ধরত পক্ষগুলোর এসব দাবির কোনো নিরপেক্ষ ও স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন