রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

ইয়েমেন সরকারকে প্রায় ৬ কোটি ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৮:৫৯ পিএম

ইয়েমেন সরকারকে প্রায় ৬ কোটি ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নতুন করে প্রায় ৬ কোটি ডলার আর্থিক সহায়তা দিচ্ছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে জানা গেছে, নতুন কিস্তি হিসেবে ২২ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল বা প্রায় ৫ কোটি ৯৭ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, এই অর্থ ইয়েমেনে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি দেশটির অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে পরিবারের আয় স্থিতিশীল রাখা, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো এবং স্থানীয় বাণিজ্যিক বাজারকে সক্রিয় করতেও সহায়তা করবে এই অর্থ।

ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবির বলেন, নতুন এই অর্থায়ন সরকারের নিয়মিত আর্থিক প্রবাহ নিশ্চিত করতে সহায়তা করবে। পাশাপাশি রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো এবং ইয়েমেনি নাগরিকদের ক্রয়ক্ষমতা শক্তিশালী করতেও এটি ভূমিকা রাখবে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত ইয়েমেনে সৌদি আরবের উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।