অক্টোবর ১৬, ২০২৬, ০৯:০৮ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকা ও জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজার সার্বিক শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং মণ্ডপ পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর এলাকার একটি পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।
তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ ধর্মীয় উৎসব যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য সীমান্তবর্তী জনপদগুলোতে কঠোর নজরদারি ও বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে জেলা শহরের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথা তুলে ধরেন সেক্টর কমান্ডার।
কর্নেল সুরুজ মিয়া জানান, পূজামণ্ডপগুলোতে বিজিবির সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি মণ্ডপ কমিটির কর্মকর্তাদের সাথে সমন্বয় বজায় রাখা হবে, যাতে যেকোনো জরুরি প্রয়োজনে বা উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
একই সাথে তিনি শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার বা সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দেওয়ার জন্য সব নাগরিকের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমানসহ বিজিবির পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনিক তথ্যমতে, এ বছর ঠাকুরগাঁও জেলায় সীমান্তবর্তী ও পৌর এলাকা মিলিয়ে সর্বমোট প্রায় ৪৭৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন