তানভীর হাসান তানু
অক্টোবর ১৫, ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি: দিনাজপুর টিভি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফয়সল আমিনের নির্বাচনী প্রচারণার খরচ জোগাতে নিজেদের ব্যাংকে জমানো সঞ্চিত অর্থ দান করেছে দুই শিশু। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার বালিয়া ইউনিয়নের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগে যান মির্জা ফয়সল আমিন। গণসংযোগ চলাকালে স্থানীয় দুই শিশু এগিয়ে এসে নিজেদের জমানো সঞ্চয়ভাণ্ডারের (ব্যাংক) টাকা প্রার্থীর হাতে তুলে দেয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির এই প্রার্থী।
তিনি শিশু দুটির মাথায় হাত বুলিয়ে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর কাছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চান। একই পথসভায় স্থানীয় একটি মসজিদের উন্নয়নকাজে আর্থিক অনুদান দেন মির্জা ফয়সল আমিন।
প্রচারণাকালে ঠাকুরগাঁও-১ আসনের সার্বিক উন্নয়ন চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।