বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

হামজা চৌধুরী লাল কার্ড দেখে নিষিদ্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ০৪:০০ পিএম

হামজা চৌধুরী লাল কার্ড দেখে নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

মাঠের পরাজয়ের ধাক্কার সঙ্গে লাল কার্ডের শাস্তি নিয়ে মাঠ ছাড়তে হলো হামজা চৌধুরীকে। পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচে বহিষ্কৃত হওয়ায় পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে প্রতিপক্ষের কাছে হেরেছে শেফিল্ড।

একই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় নিয়মানুযায়ী সাধারণত এক ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা। এর ফলে আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে এই অভিজ্ঞ মিডফিল্ডারকে ডাগআউটে বসেই কাটাতে হবে।

তবে হামজার এই বহিষ্কারাদেশের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না শেফিল্ড ইউনাইটেডের প্রধান কোচ ক্রিস ওয়াইল্ডার। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি ম্যাচ অফিশিয়ালদের আচরণ ও সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগরে দেন।

ওয়াইল্ডারের দাবি, শুরুতে রেফারি ইঙ্গিত দিয়েছিলেন হামজাকে কোনো লাল কার্ড দেখানো হবে না। কিন্তু পরবর্তী সময়ে অবস্থান বদলে দ্বিতীয় হলুদ কার্ডের মাধ্যমে তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

পুরো ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে ওয়াইল্ডার বলেন, ‘হামজা আর কোথায় যাবে? সে কি রেন্টাগোস্ট সিরিজের মিস্টার ক্লেপোলের মতো হাওয়ায় মিলিয়ে যাবে? মাঠজুড়েই এমন ঘটনা ঘটে। স্যাম ম্যাককালামকেও তিন-চারবার আটকে দেওয়া হয়েছে।’

রেফারিং নিয়ে নিয়ন্ত্রক সংস্থার কড়াকড়ির কারণে মন্তব্য করার ক্ষেত্রে সীমাবদ্ধতার কথা স্বীকার করে শেফিল্ড কোচ জানান, ‘হামজা কোথায় যাবে, সেটাই আমি বুঝতে পারছি না। এ নিয়ে কী বলতে চাই, তা আমাকে খুব সাবধানে বলতে হচ্ছে। কারণ, হয়তো যা বলতে চাই, তা বলছি না।’

নিজের যুক্তি তুলে ধরতে গিয়ে ওয়েস্ট হাম ও কুইন্স পার্ক রেঞ্জার্সের অতীতের একটি ম্যাচের প্রসঙ্গ টেনে আনেন তিনি। তার দাবি, সেই ম্যাচে যোগ করা সময়ের ৯৩ মিনিটে ওয়েস্ট হাম বিতর্কিত পেনাল্টি পাওয়ার পর চতুর্থ অফিশিয়ালের কাছে জার্সি টানার বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়েছিল।

লাল কার্ডের ঘটনায় দলের অবস্থান স্পষ্ট করে ওয়াইল্ডার আরও যোগ করেন, ‘আমাদের বলা হয়েছিল, হামজাকে লাল কার্ড দেখানো হবে না। প্রতিপক্ষের খেলোয়াড়েরা রেফারির কাছে গিয়ে আবেদন করতেই পারে, খেলার অংশ হিসেবেই এসব হয়। কিন্তু আমাদের মনে হচ্ছে, আমরা অন্যায়ের শিকার হয়েছি।’

মাঠের এই বিতর্কের পর পয়েন্ট তালিকাতেও চাপে পড়েছে শেফিল্ড ইউনাইটেড।

পোর্টসমাউথের কাছে হারের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে অবস্থান করছে দলটি। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট সংগ্রহ করে তালিকার ঠিক পেছনেই, ১৬ নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছে পোর্টসমাউথ।