বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

হেলথ ইনস্যুরেন্স চালুর উদ্যোগ সরকারের: জানালেন স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ০২:৪৭ পিএম

হেলথ ইনস্যুরেন্স চালুর উদ্যোগ সরকারের: জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সাধারণ মানুষের চিকিৎসার বাড়তি আর্থিক বোঝা কমাতে স্বাস্থ্য বীমা বা হেলথ ইনস্যুরেন্সের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে দেশে দ্রুত একটি সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ : নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট আইন পর্যালোচনা ও সমন্বয় করার কাজ চলছে। মানুষের নিজস্ব পকেট থেকে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারগুলো যেভাবে নিঃস্ব ও চরম দুর্ভোগের শিকার হয়, তা অত্যন্ত বেদনাদায়ক। এই সংকট নিরসনেই সরকার স্বাস্থ্য সুরক্ষামূলক বীমা কাঠামোর প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে।

দেশের বর্তমান বাস্তবতায় স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর সার্বিক কার্যক্রম দ্রুত কার্যকর করা জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের দোরগোড়ায় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারে গৃহীত সামগ্রিক কর্মপরিকল্পনা শতভাগ কার্যকর হলেও তা একসঙ্গে একযোগে বাস্তবায়ন করা বেশ দুরূহ। ফলে সুনির্দিষ্ট ও সংবেদনশীল বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম হিসেবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়।

নারী স্বাস্থ্যের বিষয়েও বিশেষ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

গর্ভকালীন সময়ে নারীরা যেন কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি বা অবহেলার শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সমন্বিত ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তরের রূপরেখা তৈরি করা হয়েছে। বিশেষ করে স্তন ক্যানসার ও জরায়ুমুখের ক্যানসার দ্রুত শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্ক্রিনিং পরীক্ষা চালু করা হবে। যুক্তরাষ্ট্র ও চীনে সফলভাবে পরিচালিত এই প্রযুক্তি অত্যন্ত স্বল্প খরচে প্রতিটি উপজেলায় পৌঁছে দেওয়া হবে।

স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও পুঞ্জীভূত চ্যালেঞ্জগুলো দূর করতে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।