বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,
বকেয়া বেতনের দাবিতে

শ্রীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: গুলিবিদ্ধ ৯ জন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ০৩:০২ পিএম

শ্রীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: গুলিবিদ্ধ ৯ জন

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় মহাসড়কে নামেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও চালকেরা।

অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। সংঘর্ষে রাবার বুলেটবিদ্ধ অবস্থায় নয়জন শ্রমিক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।

আহত ব্যক্তিরা হলেন জেসমিন (২৮), শাহীনুর (৩৮), হাফিজা (২২), অলকা রাণী (৩০), নিলুফা (৩৬), সাথী (৩০), পেয়ার বেগম (৩৫), রেহেনা (২০) ও আবেদা (৩৫)। তাঁরা সবাই সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিক। এঁদের মধ্যে গুরুতর আহত প্রথম ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবিকুন্নাহার ইতি জানান, রাবার বুলেটবিদ্ধ অবস্থায় নয়জন শ্রমিক জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় অন্যত্র স্থানান্তর করা হয় এবং তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আন্দোলনরত শ্রমিক তরিকুল, মাহফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন পরিশোধ করা হয়নি। বুধবারও বেতন দেওয়ার কথা বলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করে মালিকপক্ষ। এর মধ্যে বৃহস্পতিবার সকালে কারখানায় আকস্মিক সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে নামেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের বকেয়া বেতন না পেয়ে তাঁরা তীব্র আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। বারবার প্রতিশ্রুতি দিয়েও বেতন না দিয়ে উল্টো তাঁদের ওপর পুলিশের বলপ্রয়োগ করা হয়েছে।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। তবে শ্রমিকেরা অবরোধ চালিয়ে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কারখানাটির শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে সরে যেতে বলা হলেও তাঁরা অবস্থান ধরে রাখেন। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

গুলি ছোড়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয়।

বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত বেতন পরিশোধ এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন শ্রমিকেরা।