বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

তানভীর হাসান তানু

অক্টোবর ১৫, ২০২৬, ০২:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

ছবি: দিনাজপুর টিভি

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটির কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও ছড়ি বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের প্রধান সহায়ক হলো সাদাছড়ি। আধুনিক প্রযুক্তির স্মার্ট সাদাছড়ি তাদের দৈনন্দিন পথচলাকে আরও নিরাপদ করে তুলবে। তবে কেবল উপকরণ দেওয়াই যথেষ্ট নয়, তাদের সামাজিক মর্যাদা, আইনি অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি দরকার।

পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন আলোচকরা। তাদের মতে, সরকারি উদ্যোগের সঙ্গে সমাজের সর্বস্তরের সহযোগিতা যুক্ত হলে দৃষ্টিপ্রতিবন্ধীরা সহজে আত্মনির্ভরশীল হতে পারবে।

ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. আল মানসুর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ।

সভায় জেলার ছয়টি প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ১৩০ জন শিক্ষার্থী অংশ নেন। আলোচনা শেষে ১৪ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে স্মার্ট সাদাছড়ি তুলে দেন অতিথিরা।