অক্টোবর ১৬, ২০২৬, ০৫:৩২ পিএম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে দীর্ঘ প্রায় ১৫ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণপাড়া-নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর প্রধান পিলারের কাছে আয়োজিত এক আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আটক দুই সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন এবং কনস্টেবল রোহিত দেওয়ান।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।
মাদকবিরোধী অভিযানে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়।
থানা ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারের কাছে পুলিশের একটি দল মাদক উদ্ধার অভিযানে যায়। অভিযান চলাকালে এক সন্দেহভাজন মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্তরেখা অতিক্রম করে ভারতের ভেতরে চলে যান।
সে সময় স্থানীয় ভারতীয় নাগরিকরা তাকে ধরে ফেলে বিএসএফের কাছে সোপর্দ করে।
খবর পেয়ে কনস্টেবল রোহিতকে উদ্ধারের উদ্দেশ্যে এগিয়ে গেলে একই থানার এএসআই মো. ইমরান হোসেনকেও আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এর পর থেকে এই দুই পুলিশ সদস্য বিএসএফের নজরদারিতে ছিলেন।
ঘটনার পরপরই বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে কূটনৈতিক ও সীমান্ত প্রটোকল মেনে সমন্বিত যোগাযোগ শুরু হয়। দীর্ঘ আলোচনার পর শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই তাদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন