শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

গুজরাটে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৬, ০৩:৪২ পিএম

গুজরাটে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৫ জনের

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভরুচ জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাত দশটার দিকে ভরুচ জেলার ভাঘরা তালুকের সায়খা জিআইডিসি শিল্পাঞ্চলে অবস্থিত সিনজিল ফার্মাকেম কারখানায় এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

কারখানাটিতে হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলার সময় চুল্লিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এর পরপরই বাতাসে উচ্চমাত্রার বিষাক্ত মিথিলিন ডাইক্লোরাইড (এমডিসি) গ্যাস ছড়িয়ে পড়ে।

ভরুচের মহকুমা প্রশাসক মনীষা মানানি জানান, চুল্লির ভেতরে রাসায়নিক প্রক্রিয়াকরণ চলাকালে বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে মূল চুল্লির ট্যাংকটি পুরোপুরি ছিন্নভিন্ন হয়ে যায়। বিস্ফোরণের ধাক্কায় ভারী যন্ত্রপাতির বিভিন্ন ধাতব অংশ কারখানার চারপাশের খোলা চত্বরে ছিটকে পড়ে। মাত্র এক বছর আগে সায়খায় চালু হওয়া এই কারখানায় মূলত ওষুধশিল্পের জন্য বিভিন্ন প্রয়োজনীয় কাঁচামাল ও রাসায়নিক উপাদান প্রস্তুত করা হতো।

পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বিষাক্ত গ্যাস নিশ্বাসের সাথে শরীরে প্রবেশ করায় ঘটনাস্থলেই পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় অন্য পাঁচজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ভরুচের পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানান, নিহতের সংখ্যা পাঁচজনে পৌঁছেছে এবং চিকিৎসাধীন পাঁচজনের অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজ্য শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে হাইড্রোজেনেশন চুল্লি ফেটেই মিথিলিন ডাইক্লোরাইড গ্যাস কারখানা প্রাঙ্গণে ও আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তর এবং পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। চুল্লির নিরাপত্তা ত্রুটি নাকি কারিগরি গাফিলতির কারণে এই শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে, তা শনাক্ত করতে যৌথ তদন্ত শুরু করেছে প্রশাসন।