তানভীর হাসান তানু
অক্টোবর ১৭, ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: দিনাজপুর টিভি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এই ধারাবাহিকতায় এবার এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সরকারি দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মটরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন। এলাকার উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফয়সল আমিন বলেন, বিরোধী দলকে ভোট দিলে এলাকার উন্নয়ন থমকে যেতে পারে। অন্যদিকে সরকারি দলের প্রার্থীকে ভোট দিলে চলমান উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।
বক্তব্যে তিনি ভোটারদের নিজের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমার হাত শক্ত করুন। ২৯ তারিখের পর এলাকায় মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন এই উপনির্বাচনে তিনি সাধারণ ভোটারদের সার্বিক সমর্থন কামনা করেন। একই সঙ্গে নির্বাচনী এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।