অক্টোবর ১৩, ২০২৬, ০৫:৪০ পিএম
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কারো মৃত্যু রেকর্ড করা হয়নি। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে নতুন করে এক হাজার ৭৪ জন রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে নমুনা পরীক্ষায় নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে ১৩৯ জনের শরীরে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ সাত হাজার ৩৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে নমুনা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭১২ জনে।
একই সময়সীমার মধ্যে হাম সন্দেহে মোট এক হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে এ পর্যন্ত মোট মারা গেছেন ১০৪ জন।
গত এক দিনে হাম সন্দেহে নতুন করে এক হাজার ৪৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিপরীতে চিকিৎসা শেষে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১৭ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন থাকা রোগীদের মধ্যে এক লাখ ৮৪ হাজার ২৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রাদুর্ভাব মোকাবিলায় মাঠপর্যায়ে নজরদারি জোরদার এবং হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। তবে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্যের সার্বিক ঝুঁকি বাড়িয়ে তুলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন