অক্টোবর ১৩, ২০২৬, ০৫:২৬ পিএম
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে আবারও অপূর্ব রূপ নিয়ে স্পষ্ট ধরা দিয়েছে হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। কখনো শুভ্র সাদা বরফে ঢাকা, আবার কখনো ভোরের রোদে সোনালি আভায় উদ্ভাসিত হয়ে সময়ের সঙ্গে সঙ্গে রূপ বদলাচ্ছে এই পর্বতশৃঙ্গ। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা থেকে উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘার এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।
বিশেষ করে তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নারের পাশে মহানন্দা নদীর তীর থেকে কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত শৃঙ্গ সবচেয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। প্রকৃতির এই অপার সৌন্দর্য স্বচক্ষে দেখার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণপিপাসুরা তেঁতুলিয়ায় ছুটে আসছেন।
প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময়ে আকাশ পরিষ্কার হলে পঞ্চগড়ের সীমান্ত থেকে এই পর্বতশৃঙ্গ দেখা যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দূর দিগন্তে ভেসে ওঠা পাহাড়ের রূপ ক্যামেরাবন্দী করতে ভিড় জমান দর্শনার্থীরা। কেউ ক্যামেরায় পাহাড়ের ফ্রেম বন্দি করছেন, আবার কেউ মুঠোফোনে ছবি তুলে স্মরণীয় করে রাখছেন মুহূর্তটি।

রাজশাহী থেকে বন্ধুদের সঙ্গে পরিবার নিয়ে আসা পর্যটক মোখলেছুর রহমান জানান, তাদের মূল লক্ষ্যই ছিল কাঞ্চনজঙ্ঘা দেখা। আকাশ পরিষ্কার থাকায় কাঙ্ক্ষিত রূপ দেখতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
গাজীপুর থেকে পরিবারের সঙ্গে আসা আইরিন আক্তার বলেন, অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে কুয়াশায় হতাশ হয়ে ফিরে যান এমন কথা শুনেছিলেন। ভোরের দিকে কুয়াশা ও মেঘের কারণে তারাও কিছুটা শঙ্কিত ছিলেন। তবে বেলা বাড়ার সাথে সাথে মেঘ কেটে গিয়ে পুরো পর্বতশৃঙ্গটি আবারও উদ্ভাসিত হয়ে ওঠে।

কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি পর্যটকেরা ঘুরে দেখছেন সীমান্তবর্তী মহানন্দা নদীর তীর, বিস্তীর্ণ সমতলের চা বাগান এবং আশপাশের প্রাকৃতিক পর্যটন কেন্দ্রগুলো। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বায়ুমণ্ডলে কুয়াশা কম থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলেই কেবল কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ সৃষ্টি হয়। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকায় পর্বতশৃঙ্গটি স্পষ্ট দেখা গেছে। তবে ভ্রমণপিপাসুদের অবশ্যই আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রেখে আসার পরামর্শ দিয়েছেন তিনি।
পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন জানিয়েছেন, শীতের শুরুতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা কাঞ্চনজঙ্ঘা ও পঞ্চগড়ের প্রকৃতি দেখতে আসেন। পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন