মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা

দুর্যোগ মোকাবিলায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করছে এসডিএস শরীয়তপুরে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৬, ০৫:৪৬ পিএম

দুর্যোগ মোকাবিলায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করছে এসডিএস শরীয়তপুরে

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় দুর্যোগের ঝুঁকি কমাতে শিশু-কিশোরদের সম্পৃক্ত করে নানা সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ক্লাইমেট প্রজেক্ট।

দুর্যোগের সার্বিক প্রস্তুতি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে শিশু-কিশোরদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে স্কুল পর্যায়ে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, অগ্নিকাণ্ডবিষয়ক অগ্নিনির্বাপণ মহড়া, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‍‍`ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি‍‍` প্রতিপাদ্যকে সামনে রেখে এই মাঠপর্যায়ের কর্মসূচিগুলো পরিচালনা করা হয়। আয়োজনে শিশু-কিশোরদের মানসিক প্রস্তুতি জোরদার করা, ঝুঁকি সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া এবং তাদের নেতৃত্ব বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে জাজিরায় স্কুল পর্যায়ে আয়োজিত চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন এবং ক্লাইমেট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব চক্রবর্তীসহ স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন এসডিএসের ক্লাইমেট প্রজেক্টের দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মকর্তা মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করলে তাদের মেধা ও ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশ ত্বরান্বিত হয়। দুর্যোগের মতো আকস্মিক সংকট মোকাবিলায় শিক্ষার্থীরা সমাজের অগ্রভাগে থেকে ভূমিকা পালন করতে পারে।

তিনি উল্লেখ করেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের দুর্যোগের পূর্বপ্রস্তুতি ও সতর্কতা কার্যক্রমে অংশীদার করা জরুরি। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় তিনি এসডিএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের এই অংশগ্রহণ, ঝুঁকি সম্পর্কে সচেতনতা ও নেতৃত্বের গুণাবলি অব্যাহত থাকলে ভবিষ্যতে বাংলাদেশকে আরও সুদৃঢ় দুর্যোগ সহনশীল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ক্লাইমেট প্রজেক্ট, এসডিএস ও উপজেলা প্রশাসনের যৌথ অংশীদারত্বে ফায়ার সার্ভিসের সহায়তায় অগ্নিকাণ্ডবিষয়ক বাস্তব মহড়া, সচেতনতামূলক র‍্যালি ও উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

চিলড্রেন অ্যান্ড ইয়ুথ লিডিং ইনক্লুসিভ মুভমেন্টস ফর অ্যাডাপটেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্স বা সংক্ষেপে ক্লাইমেট প্রকল্পটি বাস্তবায়ন করছে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি।

প্রকল্পটি জাজিরা উপজেলার জাজিরা সদর, কুন্ডেরচর ও পূর্ব নাওডোবা ইউনিয়ন এবং নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে পরিচালিত হচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, তৃণমূলের দুর্যোগ প্রস্তুতি বৃদ্ধি এবং শিশু-কিশোর ও তরুণ সমাজের নিজস্ব নেতৃত্ব বিকাশের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও দুর্যোগসহনশীল সমাজ বিনির্মাণই এই উদ্যোগের লক্ষ্য। প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা দিচ্ছে সুইডেনভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা বার্নফন্ডেন।