অক্টোবর ১৩, ২০২৬, ০৬:৪৪ পিএম
সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শরৎ উৎসব ও ৩১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে হলে কেবল সরকারি দল নয়, বরং বিরোধী দলকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
একই সঙ্গে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কার্যকর সংস্কার সাধন এবং জবাবদিহি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
সংসদীয় ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে হলে সরকারি দল ও বিরোধী দল উভয়কেই নিজ নিজ সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সংসদ যদি কার্যকর ভূমিকা রাখতে না পারে, তবে রাষ্ট্র পুনরায় বিপথে পরিচালিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
তিনি জানান, সরকারের গৃহীত নীতি ও প্রশাসনিক কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা, যেকোনো ভুলত্রুটি চিহ্নিতকরণ এবং শাসনব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা অপরিহার্য।
ব্রিটেনের ওয়েস্টমিনস্টার সংসদীয় ব্যবস্থার কাঠামো তুলে ধরে তিনি বলেন, ওই ব্যবস্থার আদলে বিরোধী দলের একটি কার্যকর ছায়া সংসদ চালু থাকলে গণতন্ত্র সংহত হবে এবং নির্বাহী বিভাগকে অধিকতর জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে। এর মাধ্যমে সরকারের নীতি, মন্ত্রিসভার সিদ্ধান্ত ও প্রশাসনিক পদক্ষেপের মূল্যায়ন সহজ হয়। পাশাপাশি সরকারি ভুলত্রুটি সামনে এনে গঠনমূলক বিকল্প প্রস্তাব উপস্থাপন এবং আইনসভার জবাবদিহি নিশ্চিতের প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি হয়।
রাজনৈতিক ঐক্যের ডাক দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদে কে সরকারি দলে রয়েছে কিংবা কে বিরোধী দলে অবস্থান করছে সেটি মূল বিবেচ্য বিষয় নয়। সবাই মূলত বাংলাদেশের দল এবং নাগরিক হিসেবে প্রতিটি মানুষই বাংলাদেশি। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ডেপুটি স্পিকার বলেন, এই শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের শিক্ষক, গবেষক, সিভিল সার্ভিসের কর্মকর্তা, কূটনীতিক, বিচারক, সাংবাদিক, লেখক, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও রাষ্ট্রনায়কেরা উঠে আসবেন। তাই উচ্চশিক্ষার জীবনকে শুধু একটি সনদ বা ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজেকে একজন যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক হোসনে আরা বেগম।
অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তা, নবীন ও প্রবীণ শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন