অক্টোবর ১১, ২০২৬, ০৪:০৭ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৮০ জনের শরীরে। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে এক হাজার ১৬২ জনে।
নিহতদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও এক হাজার ৫৮ জনের।
প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট দুই লাখ পাঁচ হাজার ২৮ জনে। এর মধ্যে ল্যাবরেটরি ও ক্লিনিক্যাল পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৪২১ জনের শরীরে।
হাসপাতালে ভর্তি ও চিকিৎসা ব্যবস্থাপনার তথ্য তুলে ধরে অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন মোট এক লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী।
চিকিৎসাসেবা গ্রহণের পর তাদের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন