অক্টোবর ২৪, ২০২৬, ০৮:২৬ পিএম
পেসার নাহিদ রানা উন্নত চিকিৎসার অংশ হিসেবে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। পুনর্বাসন চলাকালীন শারীরিক অস্বস্তি দেখা দেওয়ায় তিনি সেখানে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর সঙ্গে পরামর্শ করেন। সেখানে এই পেসারের ১০ দিনের একটি নিবিড় পুনর্বাসন প্রক্রিয়া চলছে।
এরই মধ্যে পার্থের ঐতিহাসিক ওয়াকা স্টেডিয়ামে বসে একটি ম্যাচ উপভোগ করেছেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াকা মাঠে তোলা একটি ছবি পোস্ট করেন এই তরুণ পেসার। সেদিন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ মাঠে বসে পর্যবেক্ষণ করছিলেন তিনি। ছবির ক্যাপশনে নাহিদ রানা লেখেন, ঐতিহাসিক ওয়াকা মাঠে বসে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের ম্যাচ দেখছি। বড় স্বপ্ন দেখছি, ইনশাআল্লাহ।
চোটের কারণে দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন নাহিদ।
এর আগে পুনর্বাসন প্রক্রিয়া চলার সময় গত মাসের শেষ দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় নতুন করে আঘাত পান তিনি। ওই শারীরিক জটিলতার কারণেই দ্বিতীয় দফায় তাঁকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রে জানা গেছে, নাহিদের চোট গুরুতর কিছু নয়।
তবে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর তাঁকে আরও তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত ফিটনেস ও বোলিংয়ের কাজের চাপ সামলানোর সক্ষমতা বৃদ্ধির বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেও মাঠে নামা হচ্ছে না এই উদীয়মান পেসারের।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন