বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
আইসিসি র‍্যাঙ্কিং হালনাগাদ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি রানা ও মোস্তাফিজের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৯:৫১ পিএম

আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি রানা ও মোস্তাফিজের

আন্তর্জাতিক ক্রিকেটে এক মাস ধরে কোনো ম্যাচ না খেললেও আইসিসির সর্বশেষ হালনাগাদে সুখবর পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর লাল-সবুজের প্রতিনিধিরা মাঠের বাইরে থাকলেও সাদা বলের ক্রিকেটে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের অবস্থানে পরিবর্তন এসেছে।

ওয়ানডে বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন তরুণ পেসার নাহিদ রানা। তার রেটিং পয়েন্ট এখন ৫৯০। এই তালিকায় এক ধাপ উন্নতি করে ৫৫৮ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে অবস্থান করছেন তাসকিন আহমেদ।

টি-টোয়েন্টি সংস্করণে বোলারদের তালিকায় এগিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান ও স্পিনার শেখ মেহেদী হাসান। দুই ধাপ এগিয়ে মোস্তাফিজ ৫৩০ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন। সমান দুই ধাপ উন্নতি করে ৬৩২ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে অবস্থান করছেন শেখ মেহেদী। সংক্ষিপ্ত এই সংস্করণে এক ধাপ এগিয়ে ৬৪৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

তবে ওয়ানডেতে অবস্থান কিছুটা অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। বোলারদের তালিকায় এক ধাপ পিছিয়ে ৬০২ পয়েন্ট নিয়ে মিরাজ এখন ৯ নম্বরে। ব্যাটারদের তালিকাতেও দুই ধাপ পিছিয়ে ৪৩২ পয়েন্ট নিয়ে তার অবস্থান ৭৭তম। ওয়ানডে ব্যাটারদের মধ্যে এক ধাপ পিছিয়ে ৫৮৮ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গে যৌথভাবে ২৮ নম্বরে আছেন তানজিদ হাসান তামিম। এছাড়া সৌম্য সরকার এক ধাপ পিছিয়ে ৭১ নম্বরে নেমে গেছেন।

বিশ্ব ক্রিকেটের তারকাদের মধ্যেও ওয়ানডে ব্যাটারদের শীর্ষ দশে পরিবর্তন এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১৩৯ রানের ইনিংস খেলে এক ধাপ উন্নতি করে দুই নম্বরে উঠে এসেছেন ভারতের বিরাট কোহলি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৭৯৬। শীর্ষস্থান ধরে রাখা ভারতের শুভমান গিলের পয়েন্ট ৮১৬। অন্যদিকে এক ধাপ পিছিয়ে তিনে নেমেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।