সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৮:৩০ পিএম
আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির আসন্ন আসরের খেলোয়াড় নিলামের জন্য ২৩টি দেশের চার শতাধিক ক্রিকেটার প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দশজন ক্রিকেটার। তিনটি ভিন্ন ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে তাঁদের বিভক্ত করা হয়েছে। বাংলাদেশের তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং রিশাদ হোসেন নিলামের সর্বোচ্চ ৮০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।
দেশিয় মুদ্রায় এই ভিত্তিমূল্যের পরিমাণ প্রায় ৯৮ লাখ ৬০ হাজার টাকা। সর্বোচ্চ মূল্যের এই শ্রেণিতে তাঁদের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখদের মধ্যে রয়েছেন বাবর আজম, ফাফ ডু প্লেসিস, ডেভিড উইলি, ফখর জামান, উসমান তারিক, জনি বেয়ারস্টো, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, আলজারি জোসেফ, টম ব্যান্টন, ক্রিস ওকস, অ্যালেক্স হেলস, নাসিম শাহ, শাহজাদা ফারহান, ফজলহক ফারুকি, দাসুন শানাকা এবং ফিল সল্ট।
দ্বিতীয় ধাপে বাংলাদেশের আরও চারজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে ৪০ হাজার মার্কিন ডলারের ভিত্তিমূল্যে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৯ লাখ ৩০ হাজার টাকা। এই তালিকায় স্থান পেয়েছেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। এই ক্যাটাগরিতে তাঁদের সাথে আরও আছেন জেডেন সিলস, ইব্রাহিম জাদরান, শাদাব খান, তাবরাইজ শামসি, আভিশকা ফার্নান্দো, হাসান নওয়াজ, মাজ সাদাকাত, কুশল পেরেরা, ক্রিস গ্রিন, আন্দ্রে ফ্লেচার ও হুনাইন শাহ।
সবচেয়ে কম ভিত্তিমূল্য অর্থাৎ ১০ হাজার মার্কিন ডলারের ক্যাটাগরিতে রয়েছেন তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক এবং মেহেদী হাসান মিরাজ। দেশিয় অর্থে এই অঙ্ক প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা। এই ক্যাটাগরিতে অন্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন উইল স্মিড, লরকান টাকার, আসা ট্রাইব, শায়ান জাহাঙ্গীর, রিজা হেনড্রিকস, ইশ সোধি, জর্জ মানসি, ম্যাথিউ পটস এবং বাস ডি লিড।
এদিকে জাতীয় দলের অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে এই নিলাম প্রক্রিয়ায় অংশ নিতে হচ্ছে না। আনুষ্ঠানিক ড্রাফট বা নিলাম শুরুর আগেই প্রি-সাইনিং চুক্তির অধীনে দল নিশ্চিত করেছেন তিনি। আসন্ন মৌসুমে দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামবেন এই বোলার। নিলামের চূড়ান্ত তালিকায় বিশ্বের ২৩টি দেশের প্রায় ২০০ জন বিদেশি খেলোয়াড় নিবন্ধিত হয়েছেন।
বাংলাদেশ, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশের পাশাপাশি কুয়েত এবং সৌদি আরবের খেলোয়াড়রাও জায়গা পেয়েছেন নিলামের এই পুলে। ভারত থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে নিবন্ধন করেছেন মুরুগান অশ্বিন। পাকিস্তান থেকে সাইম আইয়ুব ও খুশদিল শাহসহ মোট ১৭ জন ক্রিকেটার আছেন এই প্রক্রিয়ায়। আসন্ন নিলাম টেবিলে প্রতিটি দল সর্বোচ্চ ১৩ লাখ মার্কিন ডলার খরচ করার সুযোগ পাবে। এ ছাড়া মূল নিলামের আগে দলগুলোর প্রি-সাইনিং প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সাত লাখ মার্কিন ডলার বরাদ্দ রাখা হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন