অক্টোবর ২৪, ২০২৬, ০৮:৩৪ পিএম
উন্নয়ন বনাম পরিবর্তনের প্রতিশ্রুতি, আচরণবিধি প্রতিপালন ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে নানা আলোচনায় জমে উঠেছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। ভোটগ্রহণের দিন এগিয়ে আসার সাথে সাথে মূল দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রচার-প্রচারণায় নির্বাচনী এলাকা এখন মুখর।
ভোটারদের মনোযোগ আকর্ষণে জনসভা, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের কারণে শূন্য হয় এই আসনটি। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনয়নে লড়ছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। অপরপক্ষে এগারো দলীয় জোটের সমর্থনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
প্রচারণায় বিএনপি জোর দিচ্ছে স্থানীয় উন্নয়ন ও অবকাঠামোগত প্রকল্পের ধারাবাহিকতা রক্ষার ওপর। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন দলটির নেতাকর্মীরা।
বিপরীতে পরিবর্তনের ডাক দিয়ে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চালাচ্ছে জামায়াতে ইসলামী।
সুশাসন কায়েম, চাঁদাবাজি বন্ধ ও সিন্ডিকেটমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করছেন জামায়াত নেতারা। একই সাথে সব প্রার্থীর জন্য সমান নির্বাচনী সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা দাবি করেছে দলটি।
শনিবার দিনভর দুই শিবিরের প্রচারণায় ব্যস্ত ছিল নির্বাচনী এলাকা। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন রহিমাপুর ইউনিয়নের বিভিন্ন প্রান্তে পথসভা করেন। রাতে সাহাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ এবং নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভার মাধ্যমে তার দিনের কর্মসূচি শেষ করার কথা রয়েছে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন সকালে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয় মাঠে (বড়মাঠ) নির্বাচনী জনসভা করেন। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ডাকসুর ভিপি সাদেক কায়েমসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বিকেলে উপনির্বাচন পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন মিয়া গোলাম পরওয়ার।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৬ অক্টোবর মধ্যরাতে সব ধরনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শেষ হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
আসনটিতে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার এই আসনে ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন