অক্টোবর ২৪, ২০২৬, ০৭:২০ পিএম
নীলফামারীর ডোমারে একটি সীরাত ও দোয়া মাহফিলে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে আয়োজক কমিটি।
শনিবার বিকেলে ডোমার প্রেসক্লাবে মেলাপাঙ্গা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় মেলাপাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদ মাঠে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এই সীরাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। মাহফিল চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি সেখানে হামলা চালায়।
হামলায় অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
আয়োজকদের দাবি, ওই সময় মাহফিলে উপস্থিত থাকা কয়েকজন অতিথিকেও লাঞ্ছিত করা হয়। এই অপ্রীতিকর ঘটনার পর প্রতিকার চেয়ে ডোমার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে আয়োজক কমিটি।
সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আয়োজিত এমন একটি অনুষ্ঠানে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। তবে এই অভিযোগের বিষয়ে অপর পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন