শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৬, ০৪:০৮ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পাশের পানিভর্তি খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।

শনিবার ভোররাতে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের হাসাড়া এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। নিহত অপর দুজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন যাত্রী। তারা হলেন—হৃদয় (৩০), চুয়াডাঙ্গার দামুড়হুদার শাহিন আক্তার (৩২), জীবননগরের হাসিব (২২), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), মেহেরপুরের মুজিবনগরের গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), ঝিনাইদহের মহেশপুরের তিশা (২৪), অনিফিন (১৭), চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গার সন্দীপন বসু (৪০), ঢাকার আফতাবনগরের ইকরাম (৪০), মাগুরা সদরের রায়হান (২১) এবং কার্পাসডাঙ্গার বোরহান উদ্দিন (৫৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার কারণ নিশ্চিত করেছেন।

তিনি জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘দর্শনা ডিলাক্স’ নামের যাত্রীবাহী বাসটি হাসাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বেপরোয়া গতির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসটি মূল এক্সপ্রেসওয়ের নিরাপত্তা রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের গভীর পানিভর্তি খাদে ছিটকে পড়ে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধারকর্মীরা গুরুতর আহত ১১ জনকে দ্রুত ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। এ ছাড়া আহত অপর পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।