বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,
মাদকমুক্ত সমাজ গঠন

মাদকমুক্ত সমাজ গঠনে খেলার মাঠের বিকল্প নেই: এমপি লতীফ

শহিদুল ইসলাম

অক্টোবর ২২, ২০২৬, ০৭:৫২ পিএম

মাদকমুক্ত সমাজ গঠনে খেলার মাঠের বিকল্প নেই: এমপি লতীফ

ছবি: দিনাজপুর টিভি

নিয়মিত খেলাধুলা এবং সুস্থ বিনোদনের চর্চাই পারে তরুণ ও যুবসমাজকে মাদক, জুয়াসহ সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে সরিয়ে রাখতে। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আলফারুক আব্দুল লতীফ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নীলফামারী শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‍‍`ফ্রেন্ডস ব্যাচ-২১‍‍`-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাঠে ব্যস্ত তরুণরা কখনো বিপথগামী হয় না।

সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ বলেন, বর্তমান তরুণ ও যুবসমাজই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মূল চালিকাশক্তি। অথচ অপসংস্কৃতি, জুয়া এবং মাদকের ভয়াল বিস্তার তরুণ প্রজন্মের সুপ্ত মেধা ও সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। বিপথগামী এই তরুণদের আলোর পথে ফিরিয়ে আনতে মাঠের ক্রীড়াচর্চার বিকল্প কিছু হতে পারে না।

ফ্রেন্ডস ব্যাচ-২১-এর এই মহতী উদ্যোগের প্রশংসা করে তিনি আরও উল্লেখ করেন, খেলাধুলার সুস্থ পরিবেশ শুধু বিভাগীয় বা জেলা শহরে সীমাবদ্ধ রাখলে চলবে না। গ্রামীণ জনপদের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় এই চর্চা ছড়িয়ে দিতে হবে। তরুণ প্রজন্ম খেলার মাঠে নিজেদের ব্যস্ত রাখলে কখনোই কোনো অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আমীর মোস্তাফিজার রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান এবং সাফি তুর্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‍‍`ফুটবলকে হ্যাঁ বলি, মাদকমুক্ত সমাজ গড়ি‍‍`—এই স্লোগানকে মূল প্রতিপাদ্য করে আসরটি শুরু হয়েছে। আয়োজক সংগঠন ফ্রেন্ডস ব্যাচ-২১ পরিচালনা কমিটির সভাপতি হেলাল হোসেন জানান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং তরুণদের শারীরিক ক্রীড়ামুখী করাই তাদের এই আয়োজনের একমাত্র উদ্দেশ্য।

স্থানীয় যুবকদের শারীরিক তৎপরতা বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে আয়োজিত এই প্রতিযোগিতায় সর্বমোট ২৪টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্ট শুরুর পর থেকেই শহরের ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী খেলায় মাঠে নামে সিংদই মাঝাপাড়া ফুটবল একাদশ ও শাহীপাড়া ব্রাজিল টি স্টল ফুটবল একাদশ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই উদ্বোধনী ম্যাচে মোশাররফ হোসেন পিয়াসের একমাত্র জয়সূচক গোলে প্রতিপক্ষকে হারিয়ে মাঠ ছাড়ে শাহীপাড়া ব্রাজিল টি স্টল ফুটবল একাদশ।