অক্টোবর ২২, ২০২৬, ০৮:০৭ পিএম
নিজেদের ব্যবসায়িক ইতিহাসে এই প্রথমবারের মতো একযোগে ১৮টি নতুন ও আধুনিক সংস্করণের মোটরসাইকেল বাজারে উন্মোচন করেছে টিভিএস মোটর কোম্পানি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই নতুন মডেলগুলো আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয়। টিভিএস তাদের জনপ্রিয় অ্যাপাচে (Apache) ও রোনিন (Ronin) সিরিজের পাশাপাশি প্রিমিয়াম বিভাগের মোটরসাইকেলগুলোতে বড় ধরনের এই হালনাগাদ যুক্ত করেছে।
উন্মোচিত হলো ব্ল্যাক ডায়মন্ড সংস্করণ।
অনুষ্ঠানে জানানো হয়, অ্যাপাচে সিরিজের জন্য কোম্পানির মূল দর্শন হচ্ছে আধুনিক পারফরম্যান্স ও ঐতিহ্যের সমন্বয় ঘটানো। অন্যদিকে আধুনিক রেট্রো নকশার রোনিন ব্র্যান্ডটিকে উপস্থাপন করা হয়েছে উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত উদযাপনের প্রতীক হিসেবে।
এই বৃহৎ আয়োজনে আপাচে আরটিআর ৩১০ (RTR 310) ও আরআর ৩১০ (RR 310)-এর বিশেষ ব্ল্যাক ডায়মন্ড সংস্করণ সবার নজর কেড়েছে। এছাড়াও অ্যাপাচে ১৬০ ফোরভি ও ২০০ ফোরভিসহ বিভিন্ন মডেলের উন্নত ও নতুন রঙের সংস্করণ প্রদর্শন করা হয়।
উপস্থিত অটোমোবাইল বিশ্লেষক ও দর্শনার্থীরা জানান, সাধারণত এক বা দুটি নতুন মডেল উন্মোচনের প্রত্যাশা থাকলেও এক মঞ্চে ব্ল্যাক ডায়মন্ড সংস্করণসহ পুরো প্রিমিয়াম সিরিজের ১৮টি বাইক উন্মোচন ছিল একেবারেই অপ্রত্যাশিত ও চমকপ্রদ।
প্রতিষ্ঠানটি তাদের ভারতীয় বাজারের প্রিমিয়াম মোটরসাইকেল বিভাগে একযোগে এই উন্নত মডেলগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন