অক্টোবর ২২, ২০২৬, ০৭:৩৩ পিএম
স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং দ্রুত চিকিৎসার গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে দুই দিনব্যাপী ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’র আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শোভাযাত্রাটি চলবে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই ফোরামের অক্টোবর মাসব্যাপী নির্ধারিত প্রচারণার অংশ হিসেবে সড়ক শোভাযাত্রার আয়োজনটি করা হলো। কেবল রাজধানীতে সীমাবদ্ধ না রেখে দেশের প্রত্যন্ত জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের তৃণমূল মানুষের মাঝে ক্যানসারের ঝুঁকি ও লক্ষণ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন বিশিষ্ট ক্যানসার রোগতত্ত্ববিদ।
দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ এবং ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এতে নেতৃত্ব দেবেন। ‘গোলাপি মানব’ হিসেবে পরিচিত এই চিকিৎসকের সাথে প্রায় ৪০ সদস্যের একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দল মাঠপর্যায়ের পুরো কার্যক্রমে সরাসরি অংশ নেবে।
আয়োজক কমিটি জানিয়েছে, ঢাকা থেকে শুরু হয়ে বরিশাল ঘুরে পুনরায় রাজধানীতে ফিরে আসার পথে নির্ধারিত মোট ২১টি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। পথসভা চলাকালে সাধারণ মানুষের বোধগম্য সহজ বাংলায় তৈরি বিশেষ তথ্যসমৃদ্ধ প্রচারপত্র বিতরণ করা হবে, যাতে প্রান্তিক জনগোষ্ঠী এই রোগের প্রাথমিক লক্ষণ ও সময়মতো চিকিৎসার ধাপগুলো সহজে জানতে পারেন।
শোভাযাত্রার নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে ঢাকা মানিক মিয়া অ্যাভিনিউ, শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, টরকী বন্দর, গৌরনদী, বাটাজোর, শিকারপুর, উজিরপুর, বরিশাল, নলছিটি, ঝালকাঠি, দুর্গাসাগর, বানারীপাড়া, বাবুগঞ্জ, রহমতপুর, মস্তাপুর, মাদারীপুর, শরীয়তপুর এবং নড়িয়া।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় বরিশাল টাউন হল সংলগ্ন চত্বরে একটি বিশেষ পথসভা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার সকাল নয়টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে দ্বিতীয় দিনের পথসভা আয়োজনের সূচি নির্ধারিত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন