বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরের ৪ উপজেলাকে নিয়ে অনুষ্ঠিত হবে জব ফেয়ার: সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২২, ২০২৬, ০৭:৫৮ পিএম

দিনাজপুরের ৪ উপজেলাকে নিয়ে অনুষ্ঠিত হবে জব ফেয়ার: সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট—এই চার উপজেলার চাকরিপ্রার্থীদের জন্য যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বৃহৎ পরিসরের চাকরি মেলা। আগামী ২৭ অক্টোবর বিরামপুর সরকারি কলেজ মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আয়োজনে চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের মেলবন্ধন ঘটাতে কলেজ মাঠ চত্বরে ইতোমধ্যে ২৭টি বিশেষ প্রদর্শনী স্টল তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে।

মেলা প্রাঙ্গণে বসছে ২৭টি স্টল। অনুষ্ঠানের প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। পরিদর্শনকালে তার সঙ্গে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মচারী এবং রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য ও সেবামূলক কার্যক্রম কীভাবে সুষ্ঠুভাবে বাজারজাত এবং বিপণন করা যায়, মেলার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সরাসরি তা চাকরিপ্রার্থীদের সামনে তুলে ধরবে। উভয় পক্ষের এই সরাসরি যোগাযোগের ফলে স্থানীয় তরুণদের কর্মদক্ষতা বাড়বে এবং সাধারণ মানুষের আয়ের নতুন পথ তৈরি হবে।

তিনি আরও বলেন, এটি একটি সীমান্তঘেঁষা ও প্রত্যন্ত এলাকা হওয়ায় এখানকার শিক্ষিত তরুণদের রাজধানী ঢাকায় গিয়ে চাকরি খুঁজতে গিয়ে নানা ধরনের প্রতিকূলতা ও ভোগান্তির শিকার হতে হয়। স্থানীয় পর্যায়ে আয়োজিত এই চাকরি মেলার মাধ্যমে চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা ও কর্মসংস্থানের সার্বিক প্রক্রিয়া খুব সহজেই জানার ও বোঝার সুযোগ পাবেন। এর মাধ্যমে স্থানীয় তরুণরা নিজ এলাকা থেকেই নিজেদের ক্যারিয়ার গড়ার পথ সুগম করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।