অক্টোবর ২২, ২০২৬, ০৩:৪৮ পিএম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার এলাকায় দফায় দফায় গুলিবর্ষণের ঘটনার মধ্যেও সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেকে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটক নিরাপদে ফিরেছেন।
বৃহস্পতিবার সকালে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িবহরকে সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেয় নিরাপত্তা বাহিনী। উদ্ধার অভিযানের সময় চরম উত্তেজনা তৈরি হয়।
সকাল আটটার দিকে পর্যটকদের বহনকারী কয়েকশ যানবাহন উজোবাজার এলাকায় পৌঁছালে সড়ক অবরোধকারীদের দেওয়া শক্ত ব্যারিকেডের মুখে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পর্যটকদের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে অবরোধকারীদের বারবার সরে যাওয়ার অনুরোধ জানান। তবে সেই আহ্বান উপেক্ষা করায় একপর্যায়ে তাদের হটিয়ে দিতে অভিযান শুরু করে যৌথবাহিনী।
অভিযান চলাকালে অবরোধকারীদের দিক থেকে ছোড়া ইটপাটকেলের আঘাতে সাতজন পর্যটক এবং কয়েকজন সেনাসদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পর্যটকদের গাড়িবহর উজোবাজার এলাকা পার করে দেওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইউপিডিএফের (প্রসীত) সশস্ত্র দলের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। তীব্র গোলাগুলির মধ্যেও পর্যটকদের সম্পূর্ণ বহরকে খাগড়াছড়ির দিকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করে সব পর্যটককে অক্ষত অবস্থায় খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলন ও সহিংসতা ছড়াচ্ছে ইউপিডিএফ।
সাজেক সড়কে এই সংঘাত ও গুলিবর্ষণের ঘটনায় ভ্রমণপিপাসু পর্যটক এবং পাহাড়ের স্থানীয় বাসিন্দাদের মাঝে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সাজেক এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন