অক্টোবর ২৪, ২০২৬, ০৮:২৯ পিএম
উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। তিনি চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন।
শনিবার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার সময় পথেই তার মৃত্যু হয়।
তিনি রক্তের ক্যানসারের জটিল রূপ তীব্র মাইলয়েড লিউকেমিয়া বা একিউট মাইলয়েড লিউকেমিয়া (Acute Myeloid Leukemia) রোগে ভুগছিলেন। এই প্রতিভাবান ক্রিকেটারের চিকিৎসার ব্যয়ভার বহন ও উন্নত স্বাস্থ্যসেবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না-ফেরার দেশে চলে গেলেন এই তরুণ অলরাউন্ডার।
হৃদয়ের এই অকাল প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। বোর্ডের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। এছাড়া বিভিন্ন আঞ্চলিক ক্রীড়া সংগঠন, সতীর্থ খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরাও তরুণ এই প্রতিভার অকালে ঝরে যাওয়ায় শোক প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন