অক্টোবর ১৭, ২০২৬, ০৭:০৯ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবহার করে প্রচার চালানোর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে জামায়াত মনোনীত এগারো দলীয় জোটের প্রার্থী ও তার সমর্থকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে তাদের সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদিয়া আফসানা রিমার সই করা এক নোটিশে এই তলবাদেশ জারি করা হয়।
জারি করা নোটিশে উল্লেখ করা হয়, আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যার সঙ্গে প্রাসঙ্গিক নথিপত্র জমা দিতে হবে। অভিযুক্ত প্রার্থী নিজে অথবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে এই জবাব দাখিল করতে পারবেন।
নোটিশের কার্যবিবরণী থেকে জানা যায়, ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার ওই প্রার্থী এবং তার দলীয় নেতাকর্মীরা মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালিয়েছেন। এসব কার্যক্রমের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করা হয়েছে বলে সুস্পষ্ট অভিযোগ ওঠে।
প্রাপ্ত অভিযোগ ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন সংশ্লিষ্ট প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক সুপারিশ পাঠানো হবে না—তা জানতে চাওয়া হয়েছে।
একই সঙ্গে নিজেদের দাবির সপক্ষে কোনো প্রমাণ থাকলে তা নির্ধারিত তারিখে আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন