শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি প্রদান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৬, ০৭:৩৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি প্রদান

ছবি: সংগৃহীত

দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিকদের নিরাপদ চলাচল, মানবিক মর্যাদা, ব্যক্তিস্বাধীনতা ও সমঅধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে এই আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০৭ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সহায়ক হিসেবে সাদা ছড়ি তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন, সাদা ছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে পথচলার জন্য একটি অপরিহার্য সহায়ক মাধ্যম। এটি কেবল তাদের চলাচলের বাহন নয়, বরং তাদের আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও নির্ভয় বিচরণের এক উজ্জ্বল প্রতীক। সমাজের প্রতিটি সচেতন মানুষের উচিত দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতি কৃত্রিম করুণা না দেখিয়ে তাদের মৌলিক অধিকার ও নিজস্ব প্রতিভার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানানো।

একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর পরিবর্তন দাবি করেন তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, শিক্ষা, উপযুক্ত কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সমাজের সর্বস্তরের কর্মকাণ্ডে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা রাষ্ট্রের অগ্রাধিকার হওয়া উচিত। বিশেষ করে তাদের নিত্যদিনের পথচলা নিরাপদ ও বাধাহীন করতে নগরীর ফুটপাত, সড়ক, গণপরিবহন এবং সব ধরনের সরকারি দফতর ও জনসাধারণের ব্যবহার্য স্থানগুলোকে দ্রুত প্রতিবন্ধীবান্ধব অবকাঠামোয় রূপান্তর করতে হবে।

সমাজের মূলধারায় তাদের অন্তর্ভুক্তি বাড়াতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ নাগরিকদেরও ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

আলোচনায় অংশ নেন কলা অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আতিকুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল মতিন।