শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,
মহাসড়কে ত্রিমুখী দুর্ঘটনা

টাঙ্গাইলে বাস পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৬, ০৭:৪৬ পিএম

টাঙ্গাইলে বাস পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে দ্রুতগতিতে যাচ্ছিল। পথিমধ্যে জামুর্কী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে গতি সামলাতে না পেরে বাসটি মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপ ভ্যানকেও সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহী আসিফ এবং পিকআপের সহকারী আব্দুল রহিম ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক যাত্রীবাহী বাস ও ক্ষতিগ্রস্ত পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহত দুজনের মরদেহ তাদের নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।