অক্টোবর ৮, ২০২৬, ১১:০৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক পৌনে নয়টার দিকে বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা নীলফামারী ইপিজেডের দুই নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ঝাড়বাড়ী-বীরগঞ্জ আঞ্চলিক সড়কে দ্রুতগতির একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম বিমল দেবনাথ জাম্বু (৩৫)। তিনি বীরগঞ্জ উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালীপাড়া গ্রামের মৃত রমেশ দেবনাথের ছেলে। তাঁর মায়ের নাম মনিকা দেবনাথ এবং স্ত্রীর নাম দীপ্তি দেবনাথ।পরে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের উপস্থিতিতে উদ্ধারকৃত টাকা নিহতের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
মোটরসাইকেলটিতে চালকসহ মোট তিনজন আরোহী ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী বাবলু ইসলাম জানান, দ্রুতগতির ট্রলিটি সার খালাস করে ফিরে যাওয়ার সময় এই মুখোমুখি সংঘর্ষ বাধে। স্থানীয় তরুণ রুবেল হোসেন উল্লেখ করেন, একটি ভ্যান অতিক্রম করার মুহূর্তে বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল চালক বিমল দেবনাথ ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় গুরুতর আহত দুই নারীকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দ্রুত পাকেরহাট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন দুই নারীর মধ্যে একজনের কোমরে মারাত্মক আঘাত লাগায় তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের একজনের কাছে থাকা ডায়েরির তথ্য অনুযায়ী তাঁর নাম রুজিনা আক্তার এবং তাঁর স্বামীর নাম তরিকুল ইসলাম। তাঁর বাড়ি উপজেলার মুচিপাড়া জয়কালীপুর গ্রামে।
দুর্ঘটনার খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েমের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিতে সহায়তা করেন।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘাতক ট্রলির চালকের বাড়ি পার্শ্ববর্তী কাহারোল উপজেলায়।
আঞ্চলিক এই সড়কটি অত্যন্ত সরু এবং এর দুই পাশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ সড়কটি অবিলম্বে প্রশস্ত ও দ্রুত সংস্কার করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন