শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

তুম হামসে মোহাব্বত করো, হাম বেওফাই করেগ্গে নেহি: পার্থ

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৯:৪৯ পিএম

তুম হামসে মোহাব্বত করো, হাম বেওফাই করেগ্গে নেহি: পার্থ

বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার পার্থ

ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, "তুম হামসে মোহাব্বত করো, হাম বেওফাই করেগ্গে নেহি" অর্থাৎ তুমি আমাকে ভালোবাসলে আমি বেইমানি করব না। মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।সংসদে বক্তব্য দেওয়ার সময় ব্যারিস্টার পার্থ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। 

তিনি বলেন, জুলাই বিপ্লবকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নেই। জুলাইয়ের ঘটনাকে জঙ্গি আখ্যা দিয়েও কেউ রাজনীতি করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। পার্থ আরও উল্লেখ করেন যে, এই বিপ্লবের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনোভাবেই রাজনীতির সুযোগ দেওয়া যাবে না।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ‍‍`মুক্তিযুদ্ধ‍‍` নিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তাপ ছড়িয়ে পড়ে। সেই রেশ ধরেই ব্যারিস্টার পার্থ তার বক্তব্য শুরু করেন। তিনি সংসদীয় গণতন্ত্রে স্বচ্ছতা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।

ব্যারিস্টার পার্থের এই বক্তব্যের সময় সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক মনোযোগ লক্ষ্য করা যায়। তিনি তার বক্তব্যে জুলাই মাসের আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বর্তমান বাংলাদেশের রাজনীতি এখন একটি নতুন বাঁকে দাঁড়িয়ে আছে। এই বাস্তবতাকে অস্বীকার করে কোনো অপশক্তিকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না।

এর আগে সংসদের অধিবেশনে মুক্তিযোদ্ধা পরিবার ও জামায়াত নিয়ে ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পুরো অধিবেশন জুড়েই জুলাই বিপ্লব এবং জাতীয় পরিচয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে।