শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ডান হাতের চোটের কারণে ছিটকে গেলেন শিকাগো বুলসের রুকি তারকা ক্যালেব উইলসন

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৪:০৯ এএম

ডান হাতের চোটের কারণে ছিটকে গেলেন শিকাগো বুলসের রুকি তারকা ক্যালেব উইলসন

শিকাগো বুলসের রুকি তারকা ক্যালেব উইলসন।

চলতি এনবিএ মৌসুমে শিকাগো বুলসের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম দশটি ম্যাচ খেলার পর প্লে অফের দৌড়ে টিকে থাকা নিয়ে দলটি এখন বেশ বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যেই দলটির জন্য আরও একটি বড় দুঃসংবাদ বয়ে এনেছে নতুন ইনজুরি। মৌসুমের শুরু থেকেই আলো ছড়ানো রুকি তারকা ক্যালেব উইলসন ডান হাতের চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

গত বুধবার সান অ্যান্টোনিও স্পার্সের বিপক্ষে ম্যাচে এই ইনজুরির শিকার হন উইলসন। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে প্রতিপক্ষের খেলোয়াড় ভিক্টর উেম্বানিয়ামার কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টার সময় তিনি ডান হাতে আঘাত পান। এরপর আর মাঠে ফিরতে পারেননি তরুণ এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে চিকিৎসকদের মূল্যায়নের পর তার চোটের প্রকৃত চিত্র পরিষ্কার হয়।

চিকিৎসক ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যালেব উইলসনের ডান হাতের হাড় ভেঙে গেছে। এই চোটের কারণে তাকে অস্ত্রোপচারের মুখোমুখি হতে হচ্ছে। পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে মাঠে ফিরতে তার অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে দলের অন্যতম সেরা এই তরুণকে ছাড়াই দীর্ঘ সময় খেলতে হবে শিকাগো বুলসকে।

উইলসনের ইনজুরির ইতিহাস অবশ্য কিছুটা পুরোনো। এর আগে কলেজ বাস্কেটবলে নর্থ ক্যারোলাইনা দলের হয়ে খেলার সময়ও তার ডান বুড়ো আঙুলে ফ্র্যাকচার হয়েছিল, যার কারণে তিনি গুরুত্বপূর্ণ এনসিএএ টুর্নামেন্টেও খেলতে পারেননি। তরুণ বয়সেই বারবার এমন চোট তার ক্যারিয়ারের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

চলতি মৌসুমে শিকাগো বুলসের পারফরম্যান্স আশাব্যঞ্জক না হলেও, তরুণ ক্যালেব উইলসন ছিলেন দলের জন্য একমাত্র আশার আলো। মাত্র বিশ বছর বয়সী এই রুকি খেলোয়াড় চলতি মৌসুমের প্রথম দশ ম্যাচে প্রতি ম্যাচে গড়ে ১৮ দশমিক ৯ পয়েন্ট, ৬ দশমিক ২ রিবাউন্ড এবং ১ দশমিক ৯ অ্যাসিস্ট করে নজর কেড়েছিলেন। দলের পুনর্গঠন প্রক্রিয়ায় তাকে কেন্দ্র করেই মূল পরিকল্পনা সাজানো হচ্ছিল।

প্রথম বছরের প্রধান কোচ তিয়াগো স্প্লিটারের অধীনে নতুনভাবে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করছে শিকাগো বুলস। দলে মাতাস বুজেলিসের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে জশ গিডি, নরম্যান পাওয়েল ও জালেন স্মিথরা থাকলেও শীর্ষ তারকাদের অভাব স্পষ্ট। এখন দলের সবচেয়ে গতিশীল ও সম্ভাবনাময় তরুণ তারকাকে ছাড়া অন্তত এক মাস খেলতে হওয়ায় ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দলটির অবস্থান আরও পেছনের দিকে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।