শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

রিয়েলিটি শো তারকার ঘটনা নিয়ে ট্রু ক্রাইম সিরিজ বানাচ্ছে পিকক

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০১:০৯ এএম

রিয়েলিটি শো তারকার ঘটনা নিয়ে ট্রু ক্রাইম সিরিজ বানাচ্ছে পিকক

পিককে আসছে নতুন ট্রু-ক্রাইম সিরিজ লাভ ট্র্যাপড দ্য কেস অব লরা ওয়েনস।

সাবেক ব্যাচেলর তারকা ক্লেটন ইচার্ডকে ফাঁদে ফেলতে মিথ্যা গর্ভাবস্থার নাটক সাজানোর আলোচিত ঘটনাটি এবার পর্দায় আসছে। এই চাঞ্চল্যকর ঘটনা অবলম্বনে একটি নতুন ট্রু-ক্রাইম সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিকক। বহুল আলোচিত পডকাস্ট লাভ ট্র্যাপড এর ওপর ভিত্তি করে চার পর্বের এই তথ্যচিত্র সিরিজটি তৈরি করা হচ্ছে। আগামী বছর সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গত মাসে লরা ওয়েনস নামের এক নারী ক্লেটন ইচার্ডকে ফাঁসানোর জন্য যম সন্তান গর্ভে ধারণের মিথ্যা নাটক সাজানোর দায়ে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত হন। ইচার্ড জনপ্রিয় রিয়েলিটি শো দ্য ব্যাচেলোরেট এবং দ্য ব্যাচেলর এর বিভিন্ন আসরে অংশ নিয়ে পরিচিতি লাভ করেছিলেন। তাঁর সঙ্গে লরা ওয়েনসের সংক্ষিপ্ত সম্পর্কের জেরে এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে তা প্রকাশ্যে আসে।

গ্লাস এন্টারটেইনমেন্ট গ্রুপ এবং ক্রাইবেবি মিডিয়া যৌথভাবে এই তথ্যচিত্র সিরিজটি প্রযোজনা করছে। গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত স্টেফানি ইয়াং-এর সঞ্চালনায় জনপ্রিয় পডকাস্ট লাভ ট্র্যাপড নির্মাণের সঙ্গেও প্রতিষ্ঠান দুটি যুক্ত ছিল। নতুন এই সিরিজে পুরো ঘটনার পেছনের বিভিন্ন দিক তুলে ধরা হবে এবং দর্শকদের সামনে নতুন তথ্য উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

আসন্ন এই তথ্যচিত্র সিরিজে ক্লেটন ইচার্ড নিজে, তাঁর আইনি দল, লরার মা জান ব্ল্যাক এবং লরার টার্গেটের শিকার হওয়া অন্যান্য পুরুষরা সাক্ষাৎকার দেবেন। পাশাপাশি পডকাস্টের সঞ্চালক স্টেফানি ইয়াং এবং পুরো ঘটনা উদঘাটনে সহায়তা করা অনলাইন গোয়েন্দারাও এতে উপস্থিত থাকবেন। বিশেষ করে, এই প্রথম লরা ওয়েনস নিজেও পুরো বিষয়টিতে তাঁর অভিজ্ঞতা ও বক্তব্য শেয়ার করবেন।

সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন ন্যান্সি গ্লাস, এরিন লি কার এবং কেয়ার ব্র্যাক্সটন, যিনি এটি পরিচালনাও করছেন। এছাড়া ক্রাইবেবি মিডিয়ার পক্ষে ড্যানি পাসম্যানও এর নির্বাহী প্রযোজকের দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে ট্রু-ক্রাইম ঘরানার এই সিরিজটি দর্শকদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।