নভেম্বর ১২, ২০২৬, ১১:১৮ পিএম
কুমিল্লার লাকসামে হানিট্র্যাপে ফেলে এক ব্যবসায়ী ও সমাজসেবকের শতকোটি টাকার সম্পদ আত্মসাতের পর তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, একটি সংঘবদ্ধ চক্র প্রতারণার ফাঁদে ফেলে তার কাছ থেকে নগদ প্রায় দেড় কোটি টাকা এবং দশ একরের বেশি জমি হাতিয়ে নিয়েছে। পরে জালিয়াতি ও সম্পদ আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসার আশঙ্কায় সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় মৃত ব্যবসায়ীর ছেলে ফখরুল ইসলাম বাদী হয়ে দুই নারীসহ ১৫ জনকে আসামি করে কুমিল্লার আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে ঘটনার সত্যতা তদন্তের জন্য লাকসাম থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন। স্থানীয় ও মামলার বিবরণ সূত্রে এসব তথ্য জানা গেছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাত নয়টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার বিজরা বাজারের উত্তর পাশে এমআরএফ ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হন ব্যবসায়ী আব্দুল মমিন। নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে চাঁদপুরমুখী লেনে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট রাতে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে স্বাভাবিক সড়ক দুর্ঘটনা মনে করে পরিবারের পক্ষ থেকে ২০ আগস্ট লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।
নিহতের পরিবারের দাবি, মৃত্যুর প্রায় এক মাস পর ঘটনার আসল রহস্য বেরিয়ে আসতে শুরু করে। মামলার বাদী ফখরুল ইসলাম জানান, তার বাবা একটি সুসংগঠিত হানিট্র্যাপ চক্রের জাঁতাকলে পড়েছিলেন। চক্রের সদস্যরা তার বাবার সরলতার সুযোগ নিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল শুরু করে। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দফায় দফায় প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। শুধু নগদ টাকাই নয়, আব্দুল মমিনের স্বাক্ষর করা অলিখিত চেক ও স্ট্যাম্প ব্যবহার করে ভুয়া দলিল ও পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামার মাধ্যমে এক হাজার শতকেরও বেশি জমি চক্রের সদস্যদের নামে রেজিস্ট্রি করে নেওয়া হয়, যার বর্তমান বাজারমূল্য শতকোটি টাকা।
মামলার বিবরণ মতে, হানিট্র্যাপ চক্রের অন্যতম মূল হোতা ছিলেন বরুড়ার গালিমপুর এলাকার দলিল লেখক রবিউল, যিনি নিহত আব্দুল মমিনের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। সম্প্রতি রবিউলের মৃত্যুর পর হাতিয়ে নেওয়া অর্থ ও সম্পত্তির ভাগাভাগি নিয়ে চক্রের সদস্যদের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়। রবিউলের স্ত্রী ফাতেমা পারভীন জান্নাতকে কেন্দ্র করেও নানা তথ্য বেরিয়ে আসে। রবিউল ও তার স্ত্রীর কথিত বিবাহবিচ্ছেদ এবং রবিউলের মৃত্যুর পর সম্পদের হিস্যা নিয়ে কোন্দল দেখা দিলে ধীরে ধীরে মূল প্রতারণা ও জালিয়াতির ঘটনা ফাঁস হতে থাকে। স্থানীয় বিভিন্ন সূত্রের মাধ্যমে পুরো সত্য জানার পর নিহতের পরিবার আদালতের শরণাপন্ন হয়।
মৃতের ছেলে জানান, হানিট্র্যাপ চক্রের মূল হোতা রবিউলের নেতৃত্বে তাদের শতকোটি টাকার সম্পদের পাওয়ার রেজিস্ট্রি করে নেওয়া হয়। বাবার মৃত্যুর পর রবিউলের মৃত্যুর খবর পেয়ে তারা জানতে পারেন তাদের সব সম্পত্তির পাওয়ার অন্যদের নামে চলে গেছে। তাদের সঙ্গে সাব-রেজিস্ট্রারসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী চক্রও জড়িত রয়েছে বলে তার দাবি। আগের মামলায় তার বাবা মূল সাক্ষী থাকায় অবৈধভাবে হাতিয়ে নেওয়া সম্পদ হাতছাড়া হওয়ার ভয়ে চক্রটি তাকে সরানোর চূড়ান্ত পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী তাদের নিয়ন্ত্রিত অটোরিকশা দিয়ে পেছন থেকে চাপা দিয়ে তাকে হত্যা করা হয় এবং পুরো বিষয়টি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। ইতোমধ্যে হত্যা মামলা এড়াতে চক্রের কয়েকজন সদস্য জালিয়াতির কথা স্বীকার করে কিছু জমি ফেরতও দিয়েছেন বলে জানান তিনি।
মামলার আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ী আব্দুল মমিনের কাছ থেকে নগদ টাকা ও শতকোটি টাকার সম্পদ লিখে নিয়েছে প্রতারক চক্র। পরে ঘটনা ধামাচাপা দিতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আদালত নিহতের ছেলের দায়ের করা মামলাটি আমলে নিয়ে যথাযথ তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটনের নির্দেশ দিয়েছেন। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা লাকসাম থানার উপপরিদর্শক আনিসুর রহমান জানান, ব্যবসায়ী আব্দুল মমিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নির্দেশ মোতাবেক মামলার সার্বিক বিষয়গুলো গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন