জুলাই ২৮, ২০২৬, ০৩:৫০ পিএম
ক্যানসারের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য এবং বিভিন্ন সাম্প্রতিক গবেষণার পরিসংখ্যান অনুযায়ী, দেশের মানুষের মাঝে এই রোগটি এখন অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতিনিয়ত নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর হারও উদ্বেগজনকভাবে ঊর্ধ্বমুখী। চিকিৎসকদের মতে, সঠিক সময়ে রোগ নির্ণয় না হওয়া এবং জীবনযাত্রার অবনতির কারণে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে।
প্রতিবছর লক্ষাধিক মানুষ এই ঘাতক ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন।বিশেষজ্ঞ চিকিৎসকদের গবেষণায় উঠে এসেছে যে, বর্তমানে বাংলাদেশের মানুষ প্রধানত পাঁচটি বিশেষ ধরনের ক্যানসারে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে খাদ্যনালীর ক্যানসার, যেখানে প্রতিবছর হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন এবং আক্রান্তদের মধ্যে মৃত্যুর হারও সবচেয়ে বেশি।
দ্বিতীয় অবস্থানে রয়েছে মুখ ও ঠোঁটের ক্যানসার, যা বিশেষ করে পুরুষদের মাঝে বেশি দেখা যায়। তৃতীয় স্থানে থাকা ফুসফুসের ক্যানসারের প্রধান অনুঘটক হিসেবে মাত্রাতিরিক্ত বায়ুদূষণকে দায়ী করা হচ্ছে। এছাড়া নারীদের ক্ষেত্রে স্তন ক্যানসার এবং জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমনসহ অভিজ্ঞ চিকিৎসকদের মতে, এই রোগ বৃদ্ধির পেছনে মূলত তিনটি প্রধান কারণ সক্রিয় রয়েছে। প্রথমত, ভয়াবহ পরিবেশ ও বায়ুদূষণ; দ্বিতীয়ত, খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও তামাক সেবন; এবং তৃতীয়ত, স্বাস্থ্য সচেতনতার মারাত্মক অভাব। সময়মতো পরীক্ষা না করানোর ফলে রোগ যখন ধরা পড়ে, তখন চিকিৎসকদের করার খুব বেশি কিছু থাকে না।এই পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে ব্যাপক সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন