রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

২৮ বছর পর সাপোর্ট কমিউনিটি বন্ধ করে দিচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১১:৪৯ পিএম

২৮ বছর পর সাপোর্ট কমিউনিটি বন্ধ করে দিচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল

অ্যাপলের লোগো

আইফোন, ম্যাক ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ২৮ বছরের পুরোনো সুবিধাটি স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে অ্যাপল। আগামী ২০ নভেম্বর এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল সাপোর্ট কমিউনিটি প্ল্যাটফর্মটি পুরোপুরি বন্ধ করে দেবে। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে পরামর্শ বিনিময়, সমস্যা সমাধান ও অভিজ্ঞতা শেয়ার করার একটি বড় সুযোগ হারাতে চলেছেন।

১৯৯৮ সালে অ্যাপল টেক এক্সচেঞ্জ চালুর মাধ্যমে এই কমিউনিটি ফোরামের যাত্রা শুরু হয়েছিল। প্রথম আইফোন, অ্যাপল ওয়াচ কিংবা অ্যাপ স্টোর আসার অনেক আগেই গ্রাহকরা হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত জটিলতা দূর করতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতেন। এখানে সাধারণ ব্যবহারকারী ও অভিজ্ঞ ম্যাকপ্রেমীরা এমন সব সমাধান দিতেন, যা অনেক সময় কোম্পানির নিজস্ব নির্দেশিকায় থাকত না।

বর্তমান নিয়ম অনুযায়ী এই ফোরামে নতুন কোনো প্রশ্ন বা উত্তর দেওয়ার সুযোগ বন্ধ রয়েছে। তবে নির্ধারিত তারিখের আগ পর্যন্ত পুরোনো আলোচনাগুলো পড়তে পারছেন ব্যবহারকারীরা। পুরনো এসব আলোচনা এবং লাখো ব্যবহারকারীর জমানো অভিজ্ঞতাগুলো পরবর্তীতে কীভাবে সংরক্ষণ বা ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি প্রতিষ্ঠানটির দাবি, গ্রাহক চাহিদা ও সামগ্রিক কৌশল মূল্যায়নের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের অনেকেই স্বাধীন ফোরাম যেমন রেডডিট বা ম্যাকরুমার্সের দিকে ঝুঁকে পড়তে পারেন। এর ফলে নিজেদের প্ল্যাটফর্মের বাইরে হওয়া আলোচনাগুলোর ওপর অ্যাপলের নিয়ন্ত্রণ কিছুটা কমে যাবে।

গ্রাহকরা পুরোপুরি প্রযুক্তিগত সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপল সাপোর্ট অ্যাপ ব্যবহার, স্টোরে যাওয়া, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কিংবা বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগের সুযোগ আগের মতোই খোলা থাকছে। ক্রিসমাসের কেনাকাটার মৌসুমের ঠিক আগে এমন সিদ্ধান্তের কারণে শেয়ারহোল্ডার ও ভক্তদের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, সরাসরি সেবা বা পণ্য বিক্রির বাইরেও গ্রাহক সন্তুষ্টির বিষয়টি এই কমিউনিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। কারণ নিজের সমস্যার সমাধান নিজে বা অন্য ব্যবহারকারীদের মাধ্যমে পেয়ে সন্তুষ্ট থাকা গ্রাহকই বারবার নতুন পণ্য কেনেন। তবে এই পদক্ষেপে কোম্পানির আয়ের ওপর বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা দেখছেন না বিনিয়োগকারীরা।

পুরোনো ফোরামের কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা বা পরামর্শ সংরক্ষিত রাখতে চাইলে আগামী ২০ নভেম্বরের মধ্যে সেগুলো সেভ করে নেওয়ার সুযোগ রয়েছে ব্যবহারকারীদের জন্য।