নভেম্বর ১৫, ২০২৬, ০২:৩৩ এএম
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার উন্নয়ন, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনায় জাপানের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর জাপান প্যাভিলিয়নে দুই দেশের এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানানো হয়। বাংলাদেশের পক্ষে শেখ ফরিদুল ইসলাম এবং জাপানের পক্ষে দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের বৈশ্বিক পরিবেশবিষয়ক ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়া বৈঠকে নেতৃত্ব দেন।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার পাশাপাশি সবুজ অর্থনীতি গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এসব ক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এছাড়া বাংলাদেশ-জাপান বিদ্যমান জয়েন্ট ক্রেডিটিং মেকানিজমের আওতায় সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করা হয়। কার্বন ক্রেডিট ও আন্তর্জাতিক কার্বন বাজারকে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের নতুন সম্ভাবনাময় ক্ষেত্র উল্লেখ করে বাংলাদেশের জাতীয় কার্বন বাজার কাঠামো প্রণয়নের উদ্যোগের কথা জানান তিনি।
নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদন ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন তিনি।
পাশাপাশি ঢাকা ও আশপাশের নদ-নদীর দূষণ পরিস্থিতি তুলে ধরে শিল্পবর্জ্য ও পয়োবর্জ্য পরিশোধনে ইটিপি, এসটিপি এবং কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার স্থাপনে জাপানের প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়।
জাপানের ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়া দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে জানান, আগামী বছরগুলোতে এই সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে। বৈঠকে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের গ্লোবাল এনভায়রমেন্ট ব্যুরোর পরিচালক রিউজো সুগিমোতো এবং জেসিএম ও আন্তর্জাতিক কার্বন মার্কেট অফিসের পরিচালক তোরু তেরাই উপস্থিত ছিলেন।
এর আগে টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম সংলাপে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের যৌথ আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
জাপানি বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নতুন বিনিয়োগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। বাংলাদেশের উন্নয়নের ভিত্তি গড়ে তোলার সময় জাপান আমাদের পাশে ছিল এবং এখন আমাদের সঙ্গে মিলে শিল্পকারখানা গড়ে তোলার সময় এসেছে। জ্বালানি খাতে জাপানি কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করতে জ্বালানি অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে জাপানের সহযোগিতা চায় সরকার।
এছাড়া প্রযুক্তি খাতে জাপানি কোম্পানি, বিশ্ববিদ্যালয় ও বিনিয়োগকারীদের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদন কেন্দ্র করে একটি উদ্ভাবনভিত্তিক প্রযুক্তি পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন