নভেম্বর ১০, ২০২৬, ০৯:৩৮ এএম
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষার কথা মাথায় রেখে নতুন একটি প্রাইভেসি ফিচার নিয়ে কাজ শুরু করেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, এবার ব্যবহারকারীরা ইউজারনেম ব্যবহারের পাশাপাশি নিজেদের ফোন নম্বর অন্যদের কাছে দৃশ্যমান থাকবে কি না, তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের সুযোগ পাবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন এই প্রাইভেসি সেটিংস তৈরির কাজ চলছে। তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক বা বিটা পরীক্ষার জন্যও উন্মুক্ত করা হয়নি। মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মে খুব দ্রুত ইউজারনেম সুবিধা চালুর প্রস্তুতি চলছে। এর মাধ্যমে ফোন নম্বর না জেনেও শুধু ইউজারনেম ব্যবহার করে কাউকে খুঁজে পাওয়া এবং যোগাযোগ করা সম্ভব হবে।
বর্তমানে কেউ ইউজারনেম সেট করলে যাঁদের ফোনে তাঁর নম্বর সংরক্ষিত থাকে না, তাঁদের কাছ থেকে নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে গোপন থাকে। ফলে অপরিচিত কেউ ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ করলেও সহজে ফোন নম্বর দেখতে পান না। তবে এবার এই ব্যবস্থায় আরও উন্নত নিয়ন্ত্রণ যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
নতুন এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে ফোন নম্বর দৃশ্যমানতার জন্য একটি আলাদা বিভাগ যুক্ত হবে। সেখানে ব্যবহারকারীরা চারটি অপশন পাবেন। এগুলো হলো এভরিওয়ান, মাই কন্টাক্টস, মাই কন্টাক্টস এক্সেপ্ট এবং নোবডি। এর মাধ্যমে ব্যবহারকারী চাইলে সবাইকে নিজের নম্বর দেখার অনুমতি দিতে পারবেন অথবা শুধু ফোনে সংরক্ষিত পরিচিত ব্যক্তিদের জন্য নম্বর দৃশ্যমান রাখতে পারবেন। নির্দিষ্ট কয়েকজনকে বাদ দেওয়ার সুযোগও সেখানে থাকবে। আবার কেউ চাইলে সবার কাছ থেকেই নিজের নম্বর সম্পূর্ণ গোপন রাখতে পারবেন।
ইউজারনেম ব্যবহারকারীদের ক্ষেত্রে ডিফল্ট সেটিংস হিসেবে নোবডি রাখা হবে। অর্থাৎ, কেউ আলাদাভাবে পরিবর্তন না করলে তাঁর ফোন নম্বর গোপনই থাকবে। তবে যাঁদের কাছে আগে থেকেই সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নম্বর সংরক্ষিত রয়েছে, তাঁরা আগের মতোই নম্বরটি দেখতে পাবেন।
নতুন সেটিংস পরিবর্তন করার সময় ব্যবহারকারীদের একটি সতর্কবার্তা দেখাবে হোয়াটসঅ্যাপ। কারণ, দৃশ্যমানতার অপশন পরিবর্তন করলে আগে তৈরি করা ব্যতিক্রম বা এক্সেপশন তালিকা রিসেট হয়ে যেতে পারে। ফলে যাঁদের আগে নম্বর দেখার অনুমতি দেওয়া হয়নি, তাঁরাও নতুন সেটিংস অনুযায়ী নম্বর দেখতে পারেন। তাই পরিবর্তন কার্যকর করার আগে ব্যবহারকারীদের বিষয়টি নিশ্চিত করতে হবে।
হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪৫.১-এ নতুন এই ফিচারের সন্ধান পাওয়া গেছে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকায় কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ফিচারটি চালু হলে ইউজারনেম ব্যবহার করেও ফোন নম্বরের গোপনীয়তা বজায় রাখা আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন