নভেম্বর ১০, ২০২৬, ০৮:২৫ এএম
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, রাজনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এ সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি। বিমানবন্দর ত্যাগ করার সময় তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারও বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে বিদায় জানান। টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে কপ-৩১ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের মূল পর্বে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নেবেন সরকারপ্রধান। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বক্তব্যে দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ ও প্রত্যাশা তুলে ধরা হতে পারে বলে আশা করা হচ্ছে।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও কূটনৈতিক আলোচনা হতে পারে এসব বৈঠকে।
তুরস্কের আন্তালিয়ায় এই আন্তর্জাতিক সম্মেলনের সাইড লাইনে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিন দিনের এই সরকারি সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন