রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,

হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিয়ে স্টিকার বানাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৬, ০২:৫৩ পিএম

হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিয়ে স্টিকার বানাবেন যেভাবে

কোনো অতিরিক্ত অ্যাপ ডাউনলোড না করেই হোয়াটসঅ্যাপের মধ্যেই খুব সহজে তৈরি করা যায় নিজের পছন্দের ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টিকার। হোয়াটসঅ্যাপে কথোপকথনকে আরও প্রাণবন্ত ও মজাদার করে তুলতে স্টিকারের ব্যবহার দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

নিজের ছবি, বন্ধুদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত কিংবা পছন্দের যে কোনো ছবিকে চাইলে মাত্র কয়েক ধাপেই স্টিকারে বদলে নিতে পারেন ব্যবহারকারীরা। এজন্য আলাদা কোনো থার্ড-পার্টি অ্যাপের সাহায্য নেওয়ার একেবারেই প্রয়োজন হয় না। হোয়াটসঅ্যাপের নিজস্ব বিল্ট-ইন টুল ব্যবহার করেই ছবি থেকে সরাসরি স্টিকার তৈরি করা সম্ভব। এমনকি চাইলে এআইয়ের সহায়তা নিয়ে সম্পূর্ণ নতুন ও চমৎকার স্টিকারও তৈরি করা যায়।

নিজের ছবি থেকে স্টিকার বানানোর প্রক্রিয়াটি বেশ সহজ। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে যেকোনো একটি চ্যাটে প্রবেশ করতে হবে। এরপর স্টিকার অপশনে গিয়ে ক্রিয়েট অথবা পেন্সিলের মতো দেখতে আইকনে ট্যাপ করতে হবে। এবার ফোনের গ্যালারি থেকে পছন্দের ছবিটি নির্বাচন করতে হবে। ব্যবহার চাইলে সরাসরি ক্যামেরা খুলে নতুন ছবিও তুলে নিতে পারেন।

ছবি বেছে নেওয়ার পর সেটিকে নিজের পছন্দমতো সাজিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যায়। স্টিকারে কোনো লেখা যোগ করতে চাইলে ‍‍`টি‍‍` অপশন ব্যবহার করা যায়। এ ছাড়া ইমোজি বসানো, ছবি আঁকা বা প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন করার জন্য বিভিন্ন এডিটিং টুল যুক্ত করা হয়েছে। সব কাজ শেষ হলে স্টিকারটি পাঠানোর অপশনে ট্যাপ করলেই সেটি নির্দিষ্ট চ্যাটে চলে যাবে এবং চ্যাট লিস্টের স্টিকার সেকশনেও সেভ হয়ে যাবে।

গ্যালারিতে উপযুক্ত ছবি না থাকলেও এআই ব্যবহার করে স্টিকার তৈরির সুযোগ রয়েছে। হোয়াটসঅ্যাপের এআই সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট বিবরণ বা প্রম্পট লিখে নতুন স্টিকার তৈরি করা যায়। এজন্য স্টিকার বিভাগে গিয়ে ক্রিয়েট অপশন নির্বাচন করতে হয়।

এরপর জেনারেটেড উইথ এআই অপশনে গিয়ে ব্যবহারকারী ঠিক কী ধরনের স্টিকার চান, তা লিখে দিতে হবে। ব্যবহারকারীর দেওয়া বর্ণনার ভিত্তিতে এআই তাৎক্ষণিকভাবে একাধিক ডিজাইন তৈরি করে দেবে। সেখান থেকে পছন্দের স্টিকারটি বেছে নিয়ে সরাসরি চ্যাটে ব্যবহার করা যাবে।

একাধিক স্টিকার একসঙ্গে গুছিয়ে রাখতে চাইলে একটি কাস্টম স্টিকার প্যাকও তৈরি করে নেওয়া সম্ভব। অনেকগুলো নিজের তৈরি স্টিকার আলাদা করে সংরক্ষণ করতে চাইলে প্রথমে স্টিকার তৈরির জায়গা থেকে পছন্দের স্টিকারগুলো নির্বাচন করতে হবে।

এরপর ওপরের দিকে থাকা তিনটি ডটের মেনুতে গিয়ে অ্যাড টু স্টিকার প্যাক অপশন বেছে নিতে হবে। নতুন কোনো প্যাক তৈরি করতে চাইলে নিউ স্টিকার প্যাক নির্বাচন করে একটি নাম দিতে হবে। একবার সেভ করার পর ওই প্যাকটি হোয়াটসঅ্যাপের নিজস্ব স্টিকার তালিকায় স্থায়ীভাবে পাওয়া যাবে।

অবশ্য নতুন স্টিকার বানালেই যে প্রতিবার সম্পূর্ণ আলাদা প্যাক তৈরি করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ব্যবহারকারীর আগে থেকেই যদি কোনো কাস্টম প্যাক তৈরি করা থাকে, তবে নতুন তৈরি করা স্টিকারটি সেই পুরনো প্যাকেও খুব সহজেই যুক্ত করা যায়। এর জন্য তিন ডট মেনু থেকে অ্যাড টু এক্সাইটিং স্টিকার প্যাক নির্বাচন করে পছন্দের প্যাকটি বেছে নিলেই সেটি আগের প্যাকে যুক্ত হয়ে যাবে।