মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,

চাঁদ ও বৃহস্পতির সংযোগ দেখল বিশ্ববাসী

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৬, ১০:৩৫ পিএম

চাঁদ ও বৃহস্পতির সংযোগ দেখল বিশ্ববাসী

ভোরের আকাশে চাঁদ ও সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির এক অতি নিকটবর্তী ও দুর্লভ মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয়েছে বিশ্ববাসী। দূর মহাকাশের দুই উজ্জ্বল জ্যোতিষ্কের এমন নৈকট্য ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত বিবরণ ও ছবি তুলে ধরেছেন জোবায়ের কাওলিন। ৩ নভেম্বর ভোর পৌনে চারটার দিকে ছবিটি ধারণ করা হয়।

সামাজিক মাধ্যমে জোবায়ের কাওলিন জানান, ভোরের আকাশে চাঁদ ও বৃহস্পতিকে একে অপরের খুব কাছে অবস্থান করতে দেখা গেছে। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় এই মহাজাগতিক ঘটনাকে বলা হয় ‍‍`সংযুতি‍‍` বা ‍‍`কনজাংশন (Conjunction)‍‍`। তবে দূরত্বের বিচারে এবারের ঘটনাটি ছিল অত্যন্ত ব্যতিক্রমী ও বিরল। আকাশে চাঁদের প্রান্ত থেকে বৃহস্পতির আপাত ব্যবধান ছিল মাত্র ১০ আর্কমিনিট।

জ্যোতির্বিজ্ঞানের পরিমাপে এক কৌণিক ডিগ্রির ৬০ ভাগের এক ভাগকে এক আর্কমিনিট ধরা হয়। ফলে পৃথিবী থেকে পর্যবেক্ষণে বৃহস্পতিকে চাঁদের আপাত ব্যাসের প্রায় তিন ভাগের এক ভাগ দূরত্বে দৃশ্যমান মনে হয়েছে।

মহাকাশে চাঁদ ও বৃহস্পতি গ্রহের মধ্যকার বাস্তব দূরত্ব বহু কোটি কিলোমিটার। তবে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণনের নির্দিষ্ট অবস্থানে আসায় পৃথিবী থেকে তাদের একই সরলরেখায় এত কাছাকাছি দেখা গেছে।

এই বিরল মহাজাগতিক সংযোগ দেখার জন্য গত বছরের শেষ থেকেই সবাইকে প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়ে আসছিলেন তিনি। ভোরের শান্ত আকাশে এমন দুর্লভ দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।