নভেম্বর ৩, ২০২৬, ১১:২৯ পিএম
মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২৯ সদস্যের এই নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান।
কমিটি গঠনের আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে আনুষ্ঠানিক নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত নির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তরের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক আদেশে এই নতুন অ্যাডহক কমিটি অনুমোদন পায়।
সরকারি আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডহক কমিটির ওপর নিয়মিত নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আইনি বাধ্যবাধকতা ছিল। তবে আগের অ্যাডহক কমিটি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় বিদ্যমান কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (২০২৬ সালের সংশোধনীসহ)-এর ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় বর্ণিত পরিষদের চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই আইনের ১৪(৩) ধারা অনুসরণ করে নতুন ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে মোট ছয়জন সহসভাপতি দায়িত্ব পেয়েছেন। তারা হলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল হালিম, ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম, বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মো. শহীদুল ইসলাম এবং ক্রীড়া সংগঠক শাহেদ ওয়াহেদ আলী।
কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত মাহফুজ হাসান জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড়, জাতীয় বিচারক ও সংগঠক। যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দুই ক্রীড়া সংগঠক মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী।
কোষাধ্যক্ষ করা হয়েছে আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজকে। তিনি জাতীয় শিক্ষক, আন্তর্জাতিক রেফারি ও বিচারক হিসেবে সুপরিচিত।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আইনজীবী সমিতির সদস্য মো. তাইফুর রহমান (সুমন), ক্রীড়া সংগঠক মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, জাতীয় হুইট কুইন কাই প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ও বিচারক পারভীন আক্তার, আন্তর্জাতিক ও জাতীয় পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ আমিরুল ইসলাম এবং সাবেক জাতীয় খেলোয়াড় ও শিক্ষক হাসনা হেনা হ্যাপি।
কমিটিতে আরও অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক জাতীয় কোচ ও দক্ষিণ কোরিয়া সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক মো. আরিফ হোসেন, শহীদ সজলের ভাই মো. সেলিম মাহমুদ, কোচ ও ক্রীড়া সংগঠক মো. নাজমুস সাকিব, আমাস ফাইট স্টুডিওর প্রতিষ্ঠাতা নাদিম মাহমুদ, ক্রীড়া সংগঠক মঞ্জুর হোসেন বাদল এবং রাশ ও কমব্যাট উশুর জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত খেলোয়াড় জুয়েল রক্ষিত।
বাকি সদস্যরা হলেন বাক্সো মার্শাল আর্টের প্রতিষ্ঠাতা মো. খাইরুল হাসান, ক্রীড়া সংগঠক মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, অল বাংলাদেশ ন্যাশনাল মিক্সড মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের আইন উপদেষ্টা হোসেন অংকুর আন্দালিব এবং ক্রীড়া সংগঠক মো. পলাশ। আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ জারির তারিখ থেকেই নতুন অ্যাডহক কমিটি কার্যকর হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন